
পদোন্নতি ও আপগ্রেডেশনে বৈষম্যের অভিযোগে চলমান কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি এক সপ্তাহের জন্য স্থগিত করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কর্মকর্তারা। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং উপাচার্যের পক্ষ থেকে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস পাওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটসংলগ্ন কর্মসূচি স্থলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আন্দোলনরত কর্মকর্তারা কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে গণিত বিভাগের সহকারী রেজিস্ট্রার মো. আনোয়ার হোসেন মিঠু বলেন, “রেজিস্ট্রারের সঙ্গে আলোচনার পর প্রশাসন আমাদের দাবি-দাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়েছে। উপাচার্য মহোদয়ের মৌখিক আশ্বাসের প্রতি সম্মান জানিয়ে আমরা চলমান কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি আগামী এক সপ্তাহের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি।”তিনি আরও বলেন, “দীর্ঘদিনের এই সমস্যার দ্রুত ও কার্যকর সমাধান হবে বলে আমরা প্রত্যাশা করছি। প্রশাসনের প্রতি আস্থা রেখেই আপাতত আন্দোলন স্থগিত করা হয়েছে।”
উল্লেখ্য, পদোন্নতি ও আপগ্রেডেশনে বৈষম্য ও হয়রানির অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের একাংশ কর্মকর্তা গত কয়েকদিন ধরে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন। এর ফলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম আংশিকভাবে ব্যাহত হয়।
সংবাদ সম্মেলনে সহকারী রেজিস্ট্রার মো. রফিকুল ইসলাম, মো. সিরাজুল ইসলাম, মো. হাসিবুল আহসান, মোছা. খালিদা আক্তার, ফজলুল হক, মো. মমিনুল ইসলাম, শাপলা রানী সরকার, সহকারী প্রকৌশলী মো. আহসানুল হাবিব এবং সহকারী কম্পিউটার প্রোগ্রামার মো. মনজুরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জুবায়ের আল হাসান, বেরোবি প্রতিনিধি| 























