কুরিয়ার সার্ভিসে ‘নাড়ু’ পাঠানোর আড়ালে চাঁপাইনবাবগঞ্জে পাচারের চেষ্টা করা হচ্ছিল বিপুল পরিমাণ গাঁজা। তবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ১৪ কেজি গাঁজা জব্দ করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় মাদক উদ্ধার হলেও সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (৯ জুন) রাতে জেলা শহরের শান্তিমোড় এলাকায় অবস্থিত এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের চাঁপাইনবাবগঞ্জ শাখায় অভিযান চালিয়ে দুটি কার্টুনের ভেতরে থাকা সাতটি প্যাকেট থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা থেকে ‘নাড়ু’ হিসেবে উল্লেখ করে গত ৭ জুন পার্সেল দুটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে বুকিং করা হয়েছিল। কিন্তু গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্দেহজনক চালানটি শনাক্ত করে ডিবি পুলিশ। পরে কার্টুন খুলে দেখা যায়, ভেতরে সুচারুভাবে মোড়ানো অবস্থায় রাখা হয়েছে বিপুল পরিমাণ গাঁজা।
[caption id="attachment_11268" align="alignnone" width="724"]
মঙ্গলবার (৯ জুন) রাতে জেলা শহরের শান্তিমোড় এলাকায় অবস্থিত এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের চাঁপাইনবাবগঞ্জ শাখায় অভিযান চালিয়ে দুটি কার্টুনের ভেতরে থাকা সাতটি প্যাকেট থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়।[/caption]
জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, মাদক পাচারকারীরা কুরিয়ার সার্ভিসকে ব্যবহার করে অভিনব কৌশলে গাঁজা পরিবহনের চেষ্টা করছিল। তথ্য পাওয়ার পর ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধার করে।
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তি বা চক্রকে শনাক্ত করতে তদন্ত চলছে। উদ্ধারকৃত মাদকের বিষয়ে সদর মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র বলছে, সাম্প্রতিক সময়ে মাদক কারবারিরা কুরিয়ার সার্ভিস, পার্সেল ও অনলাইন ডেলিভারি ব্যবস্থাকে ব্যবহার করে মাদক পরিবহনের নতুন কৌশল গ্রহণ করছে। তবে গোয়েন্দা নজরদারি জোরদার হওয়ায় একের পর এক এমন চালান ধরা পড়ছে।
‘নাড়ু’ নামে বুকিং, ভেতরে ১৪ কেজি গাঁজা—মাদক পাচারকারীদের নতুন এই কৌশল আবারও আইনশৃঙ্খলা বাহিনীর সামনে তুলে ধরল মাদক চক্রের চতুর রূপ।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত