প্রিন্ট এর তারিখঃ জুন ১০, ২০২৬, ১:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১০, ২০২৬, ৫:১০ পি.এম
রাজশাহী-নওগাঁ মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায়- ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২, আহত ৩
রাজশাহীর মোহনপুর উপজেলার খাড়ইল মিলঘর এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে যাত্রীবাহী মাহিন্দ্রা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। বুধবার (১০ জুন) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, খাড়ইল মিলঘর এলাকায় দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হলে মাহিন্দ্রাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে গাড়িটিতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন এবং ঘটনাস্থলে সৃষ্টি হয় হৃদয়বিদারক পরিস্থিতি।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন কেশরহাট ইসলামী ব্যাংকে কর্মরত কর্মকর্তা মো. মারুফ হোসেন (৩৭)। তিনি নওগাঁ জেলার মান্দা উপজেলার চক শ্যামরাই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
এদিকে গুরুতর আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। নিহত দ্বিতীয় ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। অপর তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। নিহত মারুফ হোসেনের মরদেহ উদ্ধার করে মোহনপুর থানায় নেওয়া হয়েছে।
মোহনপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়ামিন আলী জানান, দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়দের মতে, রাজশাহী-নওগাঁ মহাসড়কের এই অংশে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ, ট্রাফিক নজরদারি বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ স্থানে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
[email protected]
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত