দীর্ঘদিনের অপেক্ষার পর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া দামুসের বিল এলাকার গুরুত্বপূর্ণ মরিচার দাঁড়া খনন কাজের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় কৃষক ও বাসিন্দাদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এ উদ্যোগ বাস্তবায়ন হওয়ায় এলাকায় স্বস্তি ও আশাবাদের পরিবেশ সৃষ্টি হয়েছে।
জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুলের উদ্যোগে খনন কার্যক্রম শুরু হয়েছে। দীর্ঘ সময় ধরে মরিচার দাঁড়া ভরাট হয়ে থাকায় বিল এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হচ্ছিল। একই সঙ্গে সেচ কার্যক্রমেও নানা জটিলতা দেখা দেওয়ায় কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছিল।
স্থানীয় কৃষকদের ভাষ্য, বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে ফসলের ক্ষতির পাশাপাশি সাধারণ মানুষের চলাচলেও ভোগান্তি তৈরি হতো। ফলে দ্রুত খনন কাজ শুরুর দাবি দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছিলেন তারা।
খনন কাজের উদ্বোধন উপলক্ষে সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল বলেন, এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও কৃষি খাতকে আরও শক্তিশালী করতে তিনি কাজ করে যাচ্ছেন। নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যার অংশ হিসেবে মরিচার দাঁড়া খনন কার্যক্রম শুরু হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, প্রকল্পটির কাজ সম্পন্ন হলে বিল এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, জলাবদ্ধতা কমবে এবং কৃষি উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এতে হাজারো কৃষক সরাসরি উপকৃত হবেন।
এদিকে স্থানীয় বাসিন্দারা দ্রুত ও মানসম্মতভাবে খনন কাজ সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন। তাদের মতে, মরিচার দাঁড়া খনন শুধু একটি অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং কৃষিনির্ভর এই অঞ্চলের অর্থনৈতিক অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত