দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা সমাধানে সংসদ সদস্য ও বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি সংসদীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাব উঠেছে জাতীয় সংসদে। বিরোধী দলের পক্ষ থেকে উত্থাপিত এ প্রস্তাব ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দিয়েছে সরকার।
বুধবার জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধির আওতায় আনা একটি সাধারণ প্রস্তাবের ওপর আলোচনায় বিষয়টি গুরুত্ব পায়। প্রস্তাবটি উত্থাপন করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
প্রস্তাবে বলা হয়, দেশের রেমিট্যান্স প্রবাহ শক্তিশালী করা, প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করা এবং জাতীয় অর্থনীতিতে তাদের অবদান আরও কার্যকরভাবে কাজে লাগানোর লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া জরুরি।
আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্যরা প্রবাসীদের পাসপোর্ট, শ্রমবাজার, উত্তরাধিকার, দূতাবাসসেবা ও অভিবাসনসংক্রান্ত নানা সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে মালয়েশিয়ার শ্রমবাজারে অতীতের মতো কোনো সিন্ডিকেট যেন তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তারা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, প্রবাসীদের কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণে সরকার আন্তরিক। সংসদীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাবটি সংশ্লিষ্ট মন্ত্রণালয় পর্যালোচনা করতে পারে এবং এ ধরনের একটি প্ল্যাটফর্ম গঠনের সুযোগ রয়েছে।
তিনি আরও জানান, মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত রাখতে সরকার কাজ করছে এবং এ বিষয়ে প্রধানমন্ত্রীও বিশেষ গুরুত্ব দিচ্ছেন। অতীতে যেসব অনিয়ম ও জটিলতা ছিল, তা যেন পুনরাবৃত্তি না হয় সেদিকে নজর রাখা হচ্ছে।
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তারা শুধু অর্থনৈতিক অবদানই রাখছেন না, জ্ঞান ও দক্ষতার মাধ্যমেও দেশের উন্নয়নে ভূমিকা রাখছেন। তাই তাদের সমস্যাগুলো দ্রুত সমাধানে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
তিনি পাসপোর্ট সংশোধন ও নবায়নসংক্রান্ত জটিলতা দূর করার ওপরও গুরুত্বারোপ করেন। অনেক প্রবাসী নামের বানান বা তথ্যগত অসঙ্গতির কারণে বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমানে বিশ্বের ৭৩টি বাংলাদেশ মিশনের মধ্যে ৭১টিতে ই-পাসপোর্ট সেবা চালু রয়েছে। জন্মনিবন্ধন সনদের মাধ্যমে পাসপোর্ট সংশোধনের সুযোগও রাখা হয়েছে। এছাড়া অনলাইনে আবেদন ও সেবা সহজীকরণের নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ বলেন, প্রবাসীদের সেবার মান উন্নয়নে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রথমবারের মতো অভিবাসন উইং চালু করেছে। বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের বিভিন্ন সমস্যার সমাধানে দূতাবাসগুলোকে আরও কার্যকর করার উদ্যোগও নেওয়া হচ্ছে।
আলোচনায় অংশ নেওয়া সংসদ সদস্যরা প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা, কর্মসংস্থান, ন্যায্য মজুরি এবং বৈধ অভিবাসন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত