মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সম্ভাবনা ও করণীয় সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) একটি বিশেষ সেমিনার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন, ২০২৬) বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২-এ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে 'সেশন অন হায়ার স্টাডিজ ইন দ্যা ইউনাইটেড স্টেটস অব আমেরিকা' শীর্ষক এই সেমিনারটি অনুষ্ঠিত হয়। বেরোবি স্কলারশিপ সাপোর্ট অফিসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে থাকতে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষার কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, বেরোবির শিক্ষার্থীরা মেধাবী, তবে সঠিক তথ্য ও প্রস্তুতির অভাবে অনেকেই কাঙ্ক্ষিত সুযোগ থেকে পিছিয়ে পড়েন। এই সেমিনার তাদের আমেরিকার বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ, ক্রেডিট ট্রান্সফার ও ভর্তি প্রক্রিয়া সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেবে।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মোঃ ফেরদৌস রহমান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ড. মোঃ ইলিয়াছ প্রামানিক। আমন্ত্রিত বক্তা হিসেবে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের EducationUSA উপদেষ্টা মুক্তা দাস শিক্ষার্থীদের উদ্দেশে যুক্তরাষ্ট্রে পড়াশোনার বিভিন্ন দিক তুলে ধরেন।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন এবং প্রশ্নোত্তর পর্বে নিজেদের নানা জিজ্ঞাসার সমাধান খুঁজে নেন।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত