চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পরিচালিত বিশেষ অভিযানে ৩২০ বোতল কোডিনযুক্ত নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবাইদুল হকের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।
শুক্রবার (১২ জুন ২০২৬) রাত আনুমানিক ৩টা ২৫ মিনিটে ডিবির এসআই (নিরস্ত্র) পলাশ চন্দ্র চৌধুরীর নেতৃত্বে একটি দল সদর মডেল থানার পৌর এলাকার রেহাইচর গ্রামের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর মহানন্দা ব্রিজ টোলঘর সংলগ্ন এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে সন্দেহভাজন দুই ব্যক্তির কাছ থেকে মোট ৩২০ বোতল কোডিন মিশ্রিত কথিত ‘এসকাফ’ ও ‘চকোপ্লাস’ সিরাপ উদ্ধার করা হয়। পরে সেগুলো জব্দ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— ইমন আলী (২৫), পিতা তোজাম্মেল আলী, বর্তমান ঠিকানা কদমতলা, এবং চন্দন সিংহ (২২), পিতা মৃত অনিল সিংহ, গ্রাম মনাকষা নামোটোলা, থানা শিবগঞ্জ, জেলা চাঁপাইনবাবগঞ্জ।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং বিষয়টি নিয়ে আরও তদন্ত অব্যাহত রয়েছে।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত