জাতীয় সংসদে হিজাব নিয়ে অবমাননাকর মন্তব্য এবং দেশজুড়ে চলমান ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবির।
সোমবার (১৫ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী এবং সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফিসহ প্রায় তিন শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিলজুড়ে নেতাকর্মীরা হিজাব ও পর্দার সম্মান রক্ষা এবং অপরাধীদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে ইবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী বলেন, "সংসদে দাঁড়িয়ে মা-বোনদের ধর্মীয় পোশাক হিজাব ও নিকাব নিয়ে অত্যন্ত আপত্তিকর এবং ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করা হয়েছে। নেকাব নিয়ে যে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হয়েছে, তা দেশের কোটি কোটি মুসলিম নারীর আত্মমর্যাদায় আঘাত হেনেছে। এই বিতর্কিত বক্তব্যের জন্য অবিলম্বে দেশের আপামর জনগণের কাছে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে।"
তিনি আরও বলেন, "সংসদে দাঁড়িয়ে যখন এই অবমাননাকর বক্তব্য দেওয়া হচ্ছিল, তখন অনেকেই টেবিল চাপড়ে তা সমর্থন করেছেন, যা অত্যন্ত লজ্জাজনক। ধর্মীয় অনুভূতি ও সংস্কৃতির ওপর আঘাতকারীদের বিরুদ্ধে সংসদেই স্থায়ী আইনি পদক্ষেপ গ্রহণ করা উচিত। যারা এদেশের ইসলাম ও মুসলমানদের অন্তরে আঘাত হানবে, তাদের এদেশের সচেতন জনতা বরদাশত করবে না।"
নেতৃবৃন্দ আরও বলেন, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ইসলামের মৌলিক বিধানের ওপর আঘাত করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একই সাথে তারা ইসলামী ব্যাংক ও বিভিন্ন দ্বীনি ও সেবামূলক প্রতিষ্ঠানের ওপর উদ্দেশ্যপ্রণোদিত আক্রমণেরও নিন্দা জানান। আদ-দ্বীন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনাটির সুুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানিয়ে তারা বলেন, কোনো নির্দিষ্ট ঘটনার অজুহাতে পুরো চিকিৎসাসেবা বা প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করা কাম্য নয়।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত