নাটোরের বাগাতিপাড়া উপজেলায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের বিশেষ অর্থ বরাদ্দে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় বুধবার (১৭ জুন) বাগাতিপাড়া সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে একটি কাঁচা রাস্তা হেরিংবোন বন্ড (এইচবিবি) পদ্ধতিতে পাকাকরণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
বাগাতিপাড়া সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জিগরী দিয়াড়পাড়ায় হামিদের বাড়ি থেকে আজগর মোড় পর্যন্ত কাঁচা রাস্তাটি এইচবিবি করণের এই উন্নয়নকাজের উদ্বোধন করেন বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহতাব উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সদস্য রুমি খাতুন, ইউপি সদস্য হাফিজুর রহমান, ওয়ার্ড বিএনপি সভাপতি সাইফুল ইসলাম, যুবদল নেতা স্বাধীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে উপস্থিত গ্রামবাসীরা জানান, বাগাতিপাড়ার মধ্যে এই গ্রামটি দীর্ঘদিন ধরে সবচেয়ে অবহেলিত ছিল। বহু বছরেও এখানে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি, যার প্রমাণ এই কাঁচা রাস্তাটি। কয়েকটি গ্রামের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম হওয়ায় কাঁচা এই রাস্তায় বছরের পর বছর চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। সম্প্রতি প্রতিমন্ত্রী পুতুল এই এলাকা পরিদর্শন করে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং অল্প সময়ের মধ্যেই তা বাস্তবে রূপ নেওয়ায় গ্রামবাসী আনন্দ প্রকাশ করেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া ও তবারক বিতরণ করা হয়।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত