রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আপন দুই ভাই প্রাণ হারিয়েছেন। এ দুর্ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন, যাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৭ জুন) দুপুরে বানেশ্বর ইয়ামাহা মোটরসাইকেল শোরুমের সামনে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন পুঠিয়া উপজেলার নকুলবাড়িয়া গ্রামের বাসিন্দা আব্দুল খালেক প্রামাণিক (৬৫) ও হাচেন প্রামাণিক (৬০)। তারা উভয়েই মৃত রিয়াজ প্রামাণিকের ছেলে এবং পরস্পর আপন ভাই।
আহতরা হলেন একই এলাকার হাতেমের ছেলে লালন এবং জালালের ছেলে লাল্টু। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠান।
স্থানীয় সূত্রে জানা গেছে, নকুলবাড়িয়া এলাকার একটি মসজিদের জন্য মাইক কিনতে চার যাত্রী অটোরিকশায় রাজশাহী শহরের দিকে যাচ্ছিলেন। ওই সময় ঢাকা মেট্রো-ট-১২-৭৪৪৪ নম্বরের একটি ট্রাক বিপরীত দিক থেকে নাটোরের দিকে আসছিল। বানেশ্বর ইয়ামাহা শোরুমের সামনে পৌঁছালে দুটি যানবাহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান এবং বাকি তিনজন গুরুতরভাবে আহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় হাচেন প্রামাণিক মৃত্যুবরণ করেন।
পবা হাইওয়ে থানার ওসি মাহাবুর রহমান জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে ট্রাকটি আটক করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত