রাজশাহী মহানগরীতে অটোরিকশার ভাড়া বৃদ্ধি কিংবা নতুন করে কোনো ভাড়া নির্ধারণ করেনি রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। সম্প্রতি কিছু অটোরিকশা চালকের বিরুদ্ধে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ ওঠায় বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে মাঠ পর্যায়ে তদারকি শুরু করেছে রাসিকের রাজস্ব বিভাগ।
বৃহস্পতিবার (১৮ জুন) রাসিকের পক্ষ থেকে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, নগরীতে চলাচলকারী কিছু অটোরিকশা চালক যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ পরিপ্রেক্ষিতে রাজশাহী সিটি কর্পোরেশন স্পষ্টভাবে জানাচ্ছে যে, অটোরিকশার ভাড়া বৃদ্ধির বিষয়ে রাসিক কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি এবং নতুন করে কোনো ভাড়াও নির্ধারণ করা হয়নি।
গণবিজ্ঞপ্তিতে নগরবাসীকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি অটোরিকশা চালকদের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। ভাড়া সংক্রান্ত শৃঙ্খলা বজায় রাখতে নগরবাসী ও চালকদের সার্বিক সহযোগিতা কামনা করেছে সিটি কর্পোরেশন।
এদিকে ভাড়া সংক্রান্ত অভিযোগের সত্যতা যাচাই ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃহস্পতিবার নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অভিযান ও তদারকি কার্যক্রম পরিচালনা করে রাসিকের রাজস্ব বিভাগ। নগরীর বর্ণালী মোড়, লক্ষ্মীপুর মোড়সহ বিভিন্ন এলাকায় গিয়ে কর্মকর্তা-কর্মচারীরা অটোরিকশা চালক ও যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং রাসিক কর্তৃক কোনো ধরনের ভাড়া বৃদ্ধি করা হয়নি বলে তাদের অবহিত করেন।
তদারকি কার্যক্রমে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাঈদ, রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকনসহ উপ-যানবাহন শাখার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
রাসিকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নগরীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সাধারণ যাত্রীদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। কোনো চালক অনিয়ম করে অতিরিক্ত ভাড়া আদায় করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তারা জানান।
রাজশাহী মহানগরীর যাত্রীদের স্বস্তি নিশ্চিত করতে ভাড়া সংক্রান্ত নিয়ম-কানুন মেনে চলার পাশাপাশি চালক ও যাত্রী উভয় পক্ষের সচেতনতা ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত