হাজার বছরের ইতিহাস, স্থাপত্যশৈলী ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য সাক্ষী প্রাচীন গৌড়। সেই ইতিহাসের টানেই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তাঁর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষের মাঝে উৎসাহের সৃষ্টি হয়।
বুধবার সকালে শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন মার্কিন রাষ্ট্রদূত। সফরের শুরুতে তিনি প্রাচীন গৌড়ের ঐতিহাসিক তাহখানা কমপ্লেক্স ও মসজিদ, সুফি সাধক হজরত শাহ নেয়ামতুল্লাহ (রহ.)-এর মাজার, বিখ্যাত ছোট সোনা মসজিদ এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধিস্থল পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় রাষ্ট্রদূতকে প্রাচীন স্থাপনাগুলোর কারুকাজ, নির্মাণশৈলী ও ইতিহাস সম্পর্কে গভীর আগ্রহ প্রকাশ করতে দেখা যায়। তিনি বিভিন্ন স্থাপনার ছবি নিজেই ধারণ করেন এবং স্থানীয় কর্মকর্তাদের কাছ থেকে এসব ঐতিহাসিক স্থানের অতীত, সংরক্ষণ কার্যক্রম ও পর্যটন সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত তথ্য নেন।
এরপর তিনি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর সোনামসজিদ স্থলবন্দর ও ইমিগ্রেশন কার্যক্রম পরিদর্শন করেন। সীমান্ত নিরাপত্তার দায়িত্বে থাকা সোনামসজিদ বিওপি পরিদর্শন করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সীমান্ত ব্যবস্থাপনা সম্পর্কেও খোঁজখবর নেন।
রাষ্ট্রদূতের সফরকালে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলামসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
স্থানীয়দের মতে, বিশ্বের অন্যতম শক্তিধর দেশের একজন কূটনীতিকের এ সফর চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক গৌড় নগরীর ঐতিহ্য, প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও পর্যটন সম্ভাবনাকে আন্তর্জাতিক অঙ্গনে নতুনভাবে পরিচিত করার সুযোগ তৈরি করবে। একই সঙ্গে এসব প্রাচীন স্থাপনার সংরক্ষণ ও উন্নয়নে দেশি-বিদেশি পর্যটকদের আগ্রহ আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
ইতিহাসের নিঃশব্দ সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা গৌড়ের ইট-পাথরের স্থাপনাগুলো আজও বহন করে মধ্যযুগীয় বাংলার গৌরবগাঁথা। আর সেই ঐতিহ্যের স্পর্শ পেতেই মার্কিন রাষ্ট্রদূতের এ সফর চাঁপাইনবাবগঞ্জের ইতিহাস ও পর্যটন অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত