চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুলের ঐচ্ছিক তহবিল থেকে ২৫টি অসহায় ও দুঃস্থ পরিবারের মধ্যে নগদ আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। শনিবার (২০ জুন) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে এই অনুদান বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুল। এ ছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ সোহেল রানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। অনুষ্ঠানে নির্বাচিত ২৫টি পরিবারের প্রতিনিধিদের হাতে সরাসরি নগদ অর্থ তুলে দেওয়া হয়। সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।
প্রধান অতিথির বক্তব্যে এমপি নূরুল ইসলাম বুলবুল বলেন, সমাজের প্রান্তিক ও দুঃস্থ মানুষের জীবনমান উন্নয়ন এবং বিভিন্ন সংকটে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি জানান, সাধারণ মানুষের কল্যাণে ভবিষ্যতেও এই ধরনের সামাজিক ও মানবিক সহায়তা কার্যক্রম চলমান থাকবে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এই মানবিক সহায়তার উদ্যোগকে স্থানীয় মহলে ইতিবাচকভাবে গ্রহণ করা হয়েছে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সংসদ সদস্যের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত