চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কার্যালয়ে চলমান ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল।
সোমবার (২২ জুন) সকালে তিনি বিআরটিএ কার্যালয়ে উপস্থিত হয়ে লাইসেন্স প্রত্যাশীদের লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা কার্যক্রমের সার্বিক পরিবেশ সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পাশাপাশি সেবাগ্রহীতাদের জন্য লাইসেন্স প্রাপ্তির প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনের সময় এমপি নূরুল ইসলাম বুলবুল বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. শাহজামান হকের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি সেবা কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নাগরিকবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
একপর্যায়ে তিনি ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরীক্ষার পরিবেশ, সেবা গ্রহণে কোনো ধরনের ভোগান্তি হচ্ছে কি না এবং প্রক্রিয়া সম্পর্কে তাদের মতামত জানতে চান। পরীক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন এবং তাদের অভিজ্ঞতা মনোযোগ দিয়ে শোনেন।
এ সময় বিআরটিএর ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে এমপি নূরুল ইসলাম বুলবুল বলেন, "জনগণ যাতে দ্রুত, সহজ এবং হয়রানিমুক্তভাবে সরকারি সেবা পেতে পারে, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। বিআরটিএর সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।"
তিনি আরও বলেন, সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হলে জনগণের আস্থা আরও বাড়বে এবং সেবার মানও উন্নত হবে।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত