ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক, পারস্পরিক আস্থা ও সম্মানের ভিত্তিতেই বাংলাদেশ ভবিষ্যতের পথে এগিয়ে যাবে। দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বের এই বন্ধন আরও মজবুত হবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
রোববার বিকেলে রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে প্রাচীনকাল থেকেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান। দুই দেশ পরস্পরের সহযোগিতায় এগিয়ে চলে এবং পারস্পরিক বিশ্বাসের উপর ভিত্তি করেই এই সম্পর্ক গড়ে উঠেছে। ভবিষ্যতে এই সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।
ভূমিমন্ত্রী আরও বলেন, একে অপরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আমাদের ঐতিহ্যের গভীরে প্রোথিত। সেই ঐতিহ্য বুকে ধারণ করে দেশ ও এ অঞ্চলের সামগ্রিক উন্নয়নে সকলকে একসঙ্গে কাজ করতে হবে।
যোগচর্চার ইতিহাস ও গুরুত্ব
যোগব্যায়ামের তাৎপর্য তুলে ধরে মন্ত্রী বলেন, বাংলাদেশে যোগচর্চার ঐতিহ্য বহু পুরনো। পাহাড়পুর বৌদ্ধবিহার অঞ্চলে এর প্রচলনের ইঙ্গিত পাওয়া যায়। পরবর্তীতে বাংলাদেশ, ভারত, চীনসহ বিভিন্ন দেশে যোগচর্চার বিস্তার ঘটে।
তিনি বলেন, যোগব্যায়ামের মূল লক্ষ্য হলো আত্মনিয়ন্ত্রণ ও আত্মরক্ষা। এটি মানুষের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক ভারসাম্য রক্ষায়ও কার্যকর ভূমিকা পালন করে।
অনুষ্ঠান আয়োজনের জন্য ভারতীয় সহকারী হাইকমিশনকে সরকার ও রাজশাহীবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান ভূমিমন্ত্রী। অনুষ্ঠানে অংশ নেওয়া শিশু-কিশোর, তরুণ-তরুণীসহ সকল অংশগ্রহণকারীকেও শুভেচ্ছা জানান তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মনোজ কুমার ও এরশাদ আলী ঈশা। এ সময় ভারতীয় সহকারী হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী, যোগব্যায়াম প্রশিক্ষক এবং বিভিন্ন বয়সী অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত