আলোচিত সাদা মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' এবার জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) স্থানান্তরিত হয়েছে। সোমবার এ তথ্য নিশ্চিত করেন জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার।
তিনি জানান, প্রশাসনিক সিদ্ধান্তের আলোকে প্রাণীটিকে বিএলআরআইতে পাঠানো হয়েছে। প্রাণীটির সংরক্ষণ, গবেষণা এবং প্রজনন কার্যক্রম আরও সুষ্ঠুভাবে পরিচালনার উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। স্থানান্তর প্রক্রিয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সার্বিক তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে।
কীভাবে আলোচনায় এল এই মহিষ
কোরবানির ঈদের আগে নারায়ণগঞ্জের একটি খামারে অ্যালবিনো প্রজাতির এই বিরল সাদা মহিষটি প্রথম সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। মহিষের মাথার সামনের অংশে বিশেষ ধরনের চুলের গড়নের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চুলের মিল দেখে মালিক প্রাণীটির নাম রাখেন 'ডোনাল্ড ট্রাম্প'। এরপর থেকেই প্রাণীটি সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনায় আসে।
পরবর্তীতে সরকার প্রাণীটি কোরবানি না করে সংরক্ষণের সিদ্ধান্ত নেয় এবং গত ২৭ মে এটিকে জাতীয় চিড়িয়াখানায় আনা হয়। চিড়িয়াখানায় প্রদর্শনের পর থেকেই প্রাণীটি দর্শনার্থীদের অন্যতম প্রধান আকর্ষণে পরিণত হয়। বিরল বৈশিষ্ট্য ও পরিচিত নামের কারণে প্রাণীটি ঘিরে কৌতূহল ছিল সর্বমহলে।
সর্বশেষ প্রশাসনিক নির্দেশনায় এই অনন্য প্রাণীটিকে এখন সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) স্থানান্তর করা হয়েছে, যেখানে এটি বিশেষজ্ঞ পর্যবেক্ষণে থাকবে বলে আশা করা হচ্ছে।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত