নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে কার্যকর অংশীদারিত্ব গড়ে তোলার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে একটি গুরুত্বপূর্ণ অ্যাডভোকেসি ডায়ালগ আয়োজিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টায় ব্র্যাক জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি বিভাগের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে এই আলোচনা অনুষ্ঠান পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলার নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোসাঃ সাহিদা আখতার, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার কর্মকার, ব্র্যাক চাঁপাইনবাবগঞ্জের রিজিওনাল ম্যানেজার মরমিতাজ ইসলাম, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর মোমেনা খাতুন, সদর উপজেলার সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস এবং সিসিডিবির এরিয়া ম্যানেজার পিটার সরকার। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, কমিউনিটির সদস্য এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
ডায়ালগে আলোচকরা বলেন, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা রোধে শুধু সরকারি পদক্ষেপ পর্যাপ্ত নয়, বরং সরকারি ও বেসরকারি উভয় খাতের সম্মিলিত সহযোগিতাই এই সমস্যার কার্যকর সমাধান দিতে পারে। সমাজে সচেতনতা তৈরি, আইনি সহায়তার সহজলভ্যতা নিশ্চিত করা এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার মাধ্যমে একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে ব্র্যাকের মূল প্রতিপাদ্য — "নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ করি, প্রতিরোধ গড়ি, প্রতিকার করি" — এই বার্তাকে কেন্দ্রে রেখে ভবিষ্যৎ কর্মকৌশল ও করণীয় বিষয়ে বিস্তারিত মতবিনিময় হয়। অংশগ্রহণকারী সকলেই নিজ নিজ অবস্থান থেকে এই সহিংসতা প্রতিরোধে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দেন।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত