ফুটবল বিশ্বের অন্যতম কিংবদন্তি তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্যারিয়ারের সম্ভাব্য শেষ বিশ্বকাপকে অবিস্মরণীয় করে রাখতে রাজশাহীতে এক ব্যতিক্রমী উৎসবের আয়োজন করা হয়েছে। বাংলাদেশের ৬৪টি জেলা থেকে আসা দুই শতাধিক 'সিআর সেভেন' অনুরাগী একত্রিত হয়ে বড় পর্দায় উপভোগ করেন পর্তুগাল বনাম উজবেকিস্তানের গুরুত্বপূর্ণ ম্যাচটি।
রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এই মিলনমেলায় ঢাকা, চট্টগ্রাম, যশোর, খুলনাসহ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ভক্তরা ছুটে আসেন। দীর্ঘ পথের ক্লান্তিকে তুচ্ছ করে শুধুমাত্র প্রিয় ফুটবলারের প্রতি গভীর ভালোবাসাই তাদের এক ছাদের নিচে এনে দিয়েছে।
মূল ম্যাচ শুরুর আগে সারাদিন ধরে চলে নানা আয়োজন। দূরদূরান্ত থেকে আসা ভক্তদের পরিচিতি পর্বের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। এরপর পাঁচবারের ব্যালন ডি'অর বিজয়ী রোনালদোর বর্ণময় ক্যারিয়ার ও অনুপ্রেরণাদায়ী জীবনকথা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। পর্তুগাল ও রোনালদো বিষয়ক কুইজ প্রতিযোগিতা, কেক কাটা, নাচ-গান ও সাংস্কৃতিক পরিবেশনায় মেতে ওঠেন সকলে।
উল্লেখ্য, এবারের বিশ্বকাপে পর্তুগালের শুরুটা প্রত্যাশামতো হয়নি। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে দলটি। তবে এতে ভক্তদের উৎসাহে কোনো ভাটা পড়েনি। তাদের আস্থা, আজকের ম্যাচেই রোনালদোর পায়ের যাদুতে ঘুরে দাঁড়াবে পর্তুগাল।
আয়োজকরা জানান, প্রিয় তারকা যেন এই বিশ্বকাপে শিরোপা জিতে ফুটবলকে বিদায় জানাতে পারেন — এটাই সব ভক্তের মনের আকাঙ্ক্ষা। উৎসবকে আরও প্রাণবন্ত করতে অংশগ্রহণকারী সকল ভক্তকে পর্তুগালের বিশেষ জার্সি উপহার দেওয়া হয় এবং ঐতিহ্যবাহী ভুরিভোজেরও আয়োজন ছিল।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত