উৎসবমুখর পরিবেশে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, অনুপ্রেরণামূলক বক্তব্য এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শুভকামনা জানানো হয়।
চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. সেরাজ উদ্দীন এবং চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. ওমর ফারুক। এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা ছাত্র দলের সভাপতি মোঃ ফজলে আজিম মিম, সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান।
অনুষ্ঠানে কলেজের পক্ষ থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এ সময় অতিথিরা শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং আসন্ন এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. হারুনুর রশিদ বলেন, “ডিজিটাল যুগে শিক্ষাও হবে ডিজিটাল। আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা ছাড়া ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব নয়।” তিনি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান। একই সঙ্গে কলেজের বিভিন্ন বিভাগের ল্যাব ও আধুনিক শিক্ষা উপকরণ পরিদর্শন করেন এবং নতুন শিক্ষাসামগ্রীর উদ্বোধন করেন। তিনি কলেজ প্রশাসন ও শিক্ষকবৃন্দের শিক্ষা উন্নয়নে নেওয়া উদ্যোগের প্রশংসা করে বলেন, মেয়েদের শিক্ষার মানোন্নয়নে সুযোগ-সুবিধা আরও সম্প্রসারণ করতে হবে।
[caption id="attachment_11960" align="alignnone" width="769"]
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য আজ বিশেষ বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফুলের শুভেচ্ছা, অনুপ্রেরণার বাণী আর গান-নৃত্যে সেজে উঠেছিল কলেজ চত্বর।[/caption]
সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার বলেন, “আজকের এই বিদায় কোনো সমাপ্তি নয়; বরং তোমাদের জীবনের নতুন অধ্যায়ের সূচনা। উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমাদের ভবিষ্যৎ উচ্চশিক্ষা ও কর্মজীবনের ভিত্তি গড়ে দেবে।”
তিনি আরও বলেন, “সফলতার জন্য আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম, সততা ও শৃঙ্খলার কোনো বিকল্প নেই। পরীক্ষার সময় অযথা দুশ্চিন্তা না করে নিয়মিত পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার এবং ইতিবাচক মনোভাব বজায় রাখতে হবে।” পাশাপাশি মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিদায় সংবর্ধনা উদযাপন কমিটি-২০২৬-এর আহ্বায়ক ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. আমিনুল ইসলাম শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আনুষ্ঠানিক পর্ব শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, নৃত্য ও বিভিন্ন পরিবেশনায় মুখর হয়ে ওঠে কলেজ প্রাঙ্গণ। প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও পরীক্ষায় সর্বাঙ্গীণ সফলতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত