সিরাজগঞ্জের কামারখন্দে সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় চারা ও সার বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। জৈব সারের বস্তায় পলিথিন, প্লাস্টিক ও বিভিন্ন ধরনের আবর্জনা পেয়ে ক্ষোভে ফেটে পড়েছেন কৃষকরা। অবশেষে ভেজাল সার প্রত্যাখ্যান করে শুধু গাছের চারা ও বাঁশের কাঠি নিয়েই মাঠ ছেড়েছেন তারা।বুধবার (২৪ জুন) দুপুরে কামারখন্দ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে এই ঘটনা ঘটে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, সরকারের 'পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ' কর্মসূচির অংশ হিসেবে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় এই চারা ও সার বিতরণ করা হচ্ছিল। উপজেলার ২০০ জন কৃষক ও ১০০টি প্রতিষ্ঠানের মধ্যে আম, জলপাই, নিম ও মেহগনিসহ বিভিন্ন প্রজাতির চারা বিতরণের কথা। প্রতিটি চারার সঙ্গে পরিচর্যার জন্য ৩০ কেজি করে জৈব সার দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু বিতরণকৃত সারের বস্তা খুলতেই কৃষকরা ভেতরে পলিথিন, প্লাস্টিক ও নানা ধরনের বর্জ্য দেখতে পান।
উপজেলার বাড়াকান্দি গ্রামের কৃষক আলতাফ হোসেন জানান, সরকারি কর্মসূচির নামে তাদের সঙ্গে রীতিমতো প্রতারণা করা হয়েছে। জৈব সারের বস্তায় ময়লা-আবর্জনা ভরে দেওয়া হয়েছিল। সেই বর্জ্য না নিয়ে শুধু চারা নিয়েই ফিরে এসেছেন তিনি।
রঞ্জু নামের আরেক কৃষক বলেন, আগে কৃষি অফিস থেকে যেসব সার পাওয়া যেত, সেগুলোর মান ঠিকঠাক ছিল। কিন্তু এবার বস্তার ভেতরে যা দেখেছেন, তা জমিতে ব্যবহারের সম্পূর্ণ অনুপযোগী।
একাধিক উপসহকারী কৃষি কর্মকর্তাও এই ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন। তারা স্বীকার করেছেন, সরবরাহকারী প্রতিষ্ঠান যে সার এনেছে তা সম্পূর্ণ মানহীন। শুধু সার নয়, চারা সোজা রাখার জন্য আস্ত বাঁশের খুঁটির বদলে কৃষকদের দেওয়া হয়েছে নামমাত্র ফাঁটানো বাঁশ। চারাগুলোর মানও ছিল অত্যন্ত নিম্নমানের।
উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক একরামুল কবির জানান, অভিযোগ পাওয়ার পরই বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। সরকারি প্রকল্পে এ ধরনের অনিয়ম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
কামারখন্দ উপজেলা কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মন জানান, মানহীন সারের বস্তাগুলো বাদ দিয়ে কৃষকদের ভালো সার বেছে নিতে বলা হয়েছে এবং সরবরাহকারীকে ভেজাল সার ফেরত পাঠানো হবে। তবে কোন প্রতিষ্ঠানের মাধ্যমে সার সরবরাহ করা হয়েছে, সে বিষয়ে তিনি কোনো তথ্য দেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপাশা হোসাইন জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হয়েছে। সরবরাহকারীকে দ্রুত ভালো মানের জৈব সার সরবরাহ করে পুনরায় কৃষকদের মধ্যে বিতরণের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনজুরে মাওলা জানান, জেলায় মোট ১৪ হাজার ৬৫০ জন কৃষককে জৈব সার ও চারা দেওয়া হচ্ছে। কেজিপ্রতি মাত্র চার টাকা দরে সার সংগ্রহের বরাদ্দ থাকায় মানসম্পন্ন সার সরবরাহ কঠিন হয়ে পড়েছে বলেও তিনি স্বীকার করেন। কামারখন্দের ঘটনায় সরবরাহকারীকে নতুন করে মানসম্পন্ন সার সরবরাহের পরামর্শ দেওয়া হয়েছে, যা আসতে দুই থেকে তিন দিন সময় লাগতে পারে।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত