পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা মহিউল উলুম দাখিল মাদ্রাসায় মঙ্গলবার রাতেও জাতীয় পতাকা নামানো হয়নি বলে জানা গেছে। বিষয়টি স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।
শুধু পতাকা ব্যবস্থাপনাই নয়, প্রতিষ্ঠানটির শিক্ষার মান ও নিয়মনীতি নিয়েও দীর্ঘদিন ধরে নানা প্রশ্ন রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এলাকাবাসীর অভিযোগ, সর্বশেষ দাখিল পরীক্ষায় অংশ নেওয়া ১৬ জন পরীক্ষার্থীর একজনও উত্তীর্ণ হতে পারেননি। পাঠদানের মান নিয়েও অভিভাবক ও এলাকার মানুষের মধ্যে তীব্র অসন্তোষ রয়েছে।
রাতে জাতীয় পতাকা উত্তোলিত থাকার বিষয়ে জানতে চাইলে মাদ্রাসার সুপার মো. মকবুল হোসেন মুকুল জানান, বিকেল ৪টা ৫ মিনিটে তিনি প্রতিষ্ঠান ছেড়ে চলে যান। এরপর দায়িত্বপ্রাপ্ত পিয়ন বা কর্মচারীরা অসচেতনতা বা ভুলক্রমে পতাকা নামাতে ভুলে গেছেন বলে তিনি দাবি করেন।
চাটমোহর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিউল ইসলাম জানান, নির্ধারিত সময়ের পর রাতে জাতীয় পতাকা উত্তোলিত রাখা সম্পূর্ণ নিয়মবহির্ভূত এবং চরম গাফিলতির পরিচায়ক। ঘটনার সত্যতা যাচাই করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
স্থানীয়রা বলছেন, পতাকা ব্যবস্থাপনার এই ঘটনা প্রতিষ্ঠানটির সামগ্রিক অব্যবস্থাপনারই প্রতিফলন। তাদের দাবি, শুধু এই ঘটনায় নয়, প্রতিষ্ঠানটির পাঠদান কার্যক্রম, পরীক্ষার ফলাফল ও প্রশাসনিক কার্যক্রম সবকিছু নিয়মিতভাবে তদারকির আওতায় আনা প্রয়োজন।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত