নাটোরকে আরও নিরাপদ ও অপরাধমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মাদ শরীফুল হক। তিনি বলেছেন, "আপনারা সঠিক তথ্য দিন, আমরা আপনাদের একটি নিরাপদ নাটোর উপহার দিতে কাজ করব।" একই সঙ্গে অপরাধপ্রবণ ব্যক্তিদের উদ্দেশে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, "অপরাধীরা অপরাধ ছাড়, নইলে নাটোর ছাড়।"
মঙ্গলবার (৩০ জুন) বিকেলে নাটোরের বাগাতিপাড়া মডেল থানা আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, শিক্ষক, সমাজসেবক, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের সঙ্গে মতবিনিময় করেন পুলিশ সুপার।
এ সময় তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা শুধু পুলিশের একার দায়িত্ব নয়; নিরাপদ সমাজ গঠনে জনগণের সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যেকোনো অপরাধ, মাদক, প্রতারণা বা সামাজিক অস্থিরতা সম্পর্কে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, কিশোর অপরাধ প্রতিরোধ, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো, ইভটিজিং, মোবাইল ফোন হ্যাকিং, অনলাইন জুয়া এবং সাইবার অপরাধ প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত তুলে ধরেন।
পুলিশ সুপার বলেন, অপরাধ দমনে তথ্যভিত্তিক পুলিশিং, জনসম্পৃক্ততা এবং প্রযুক্তিনির্ভর কার্যক্রম আরও জোরদার করা হবে। জনগণের সহযোগিতা থাকলে নাটোরকে আরও শান্তিপূর্ণ ও নিরাপদ জেলায় পরিণত করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার উদয় সাহা, বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত