ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে একটি ব্যতিক্রমধর্মী ফল উৎসবের আয়োজন করেছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন কেয়ার ফর রোড চাইল্ড (সিআরসি) ইবি শাখা। বুধবার (১ জুলাই) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বটতলায় এই আয়োজন করা হয়।
উৎসবে অংশগ্রহণকারী শিশুদের মধ্যে আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, আনারস, ড্রাগন ফল, কলা, পেঁপে, আঙুর, চেরি, আমড়াসহ প্রায় ২০ প্রকারের মৌসুমি ফল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ.ব.ম. সাইফুল ইসলাম সিদ্দিকী এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. আফরোজা বুলবুল। এ ছাড়া সংগঠনের সভাপতি নাজমুল হাসান, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, সাংগঠনিক সম্পাদক গালিব এবং স্কুল শাখার পরিচালক আজিজুল হকসহ শতাধিক শিশু এতে অংশ নেয়।
সংগঠনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ বলেন, "আমরা সমাজের প্রতিনিধি হিসেবে ছোট পরিসরে কাজ করে যাচ্ছি। শুধু একটি দিনের জন্য নয়, আমরা চাই সারা বছরই সমাজ এই শিশুদের নিয়ে ভাবুক।"
সংগঠনের সভাপতি নাজমুল ইসলাম বলেন, "আমাদের সংগঠন যেসব শিশুকে নিয়ে কাজ করে, তাদের বেশিরভাগই সব ধরনের ফলের সঙ্গে পরিচিত নয়। কারো কারো পরিবারের সামর্থ্যও নেই প্রতিবছর সব ধরনের ফল কিনে খাওয়ানোর। এই শিশুদের কথা চিন্তা করেই আমাদের সংগঠনের এই ব্যতিক্রমী আয়োজন। এই ছোট্ট উদ্যোগের মাধ্যমে আমরা চাই শিশুদের মুখে একটুখানি হাসি ফুটুক এবং তারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে অনুপ্রাণিত হোক। সমাজের সবার উচিত এই শিশুদের পাশে দাঁড়ানো।"
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত