চাঁপাইনবাবগঞ্জের একাধিক প্রতারণা মামলার পরোয়ানাভুক্ত এবং পর্নোগ্রাফি ও সাইবার সুরক্ষা আইনের একটি মামলার পলাতক আসামি মো. শিমুল হোসেনকে (৩২) রাজধানীর খিলগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
বুধবার (১ জুলাই) সকাল ৭টার দিকে ঢাকার খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া শিমুল হোসেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আজাইপুর মাঝপাড়া গ্রামের বাসিন্দা মো. সাজিমুল হোসেনের ছেলে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, শিমুল হোসেনের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে দায়ের হওয়া তিনটি পৃথক প্রতারণা মামলায় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। পাশাপাশি তিনি পর্নোগ্রাফি ও সাইবার সুরক্ষা আইনে দায়ের করা একটি মামলারও আসামি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পর্নোগ্রাফি মামলা নং-০১/৩০৪, তারিখ ১ জুলাই ২০২৬, সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ধারা ১৯(২) ও ২৫(২), পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৮(১), ৮(২), ৮(৩), ৮(৪), ৮(৫)(ক) ও ৭ ধারা, এবং দণ্ডবিধি, ১৮৬০-এর ৪১৯ ও ৫০০ ধারায় দায়ের করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন,"শিমুল হোসেন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে ঢাকার খিলগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।"
পুলিশ আরোও জানায়, গ্রেপ্তারের পর আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত কার্যক্রম পরিচালিত হবে। মামলার তদন্তও চলমান রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, তথ্যপ্রযুক্তিনির্ভর অপরাধ, অনলাইন প্রতারণা এবং পর্নোগ্রাফি-সংক্রান্ত অভিযোগে দায়ের হওয়া মামলাগুলোর তদন্তে প্রয়োজনীয় প্রযুক্তিগত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের কাজ অব্যাহত রয়েছে। এ ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও তারা জানান।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত