দেশের ঐতিহ্যবাহী পদ্মা নদীসহ সকল নদ-নদী রক্ষা, নাব্যতা সংকট নিরসন, নদী দখল-দূষণ প্রতিরোধ এবং আন্তর্জাতিক অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য অংশ আদায়ের দাবিতে রাজশাহীতে আয়োজিত হয়েছে ব্যতিক্রমধর্মী এক আয়োজন 'রান ফর পদ্মা' মিনি ম্যারাথন।
শুক্রবার (৩ জুলাই) সকাল ৬টায় নগরীর লালনশাহ মুক্তমঞ্চ থেকে সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ এই ম্যারাথনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক বলেন, এই মিনি ম্যারাথন আয়োজন নদী রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির একটি কার্যকর সামাজিক আন্দোলন। সম্মিলিত সচেতনতা ও দায়িত্ববোধের মাধ্যমেই পদ্মাসহ দেশের সব নদ-নদী সুরক্ষিত রাখা সম্ভব বলে মন্তব্য করেন তিনি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ ও প্রাণবন্ত নদী ব্যবস্থা গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। পাশাপাশি অংশগ্রহণকারী ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
লালনশাহ মুক্তমঞ্চ থেকে শুরু হওয়া এই ম্যারাথনটি ফুড অফিস মোড় প্রদক্ষিণ করে পুনরায় মুক্তমঞ্চে এসে সমাপ্ত হয়। বিভিন্ন বয়সের প্রায় ৫৫০ জন প্রতিযোগী এতে অংশ নেন, যাদের মধ্যে ছিলেন প্রায় ১৩৫ জন নারী প্রতিযোগী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 'রান ফর পদ্মা' মিনি ম্যারাথনের উপদেষ্টা ও সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক লিয়াকত আলী, উপদেষ্টা ও রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, উপদেষ্টা রিক্তা পারভীন, আহ্বায়ক মো. জুলফিকার আলী হায়দার, যুগ্ম আহ্বায়ক মঈন বিন মোস্তফা এবং সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম সানিসহ আয়োজক কমিটির সদস্যরা।
আয়োজকদের ভাষ্যমতে, 'রান ফর পদ্মা' কেবল রাজশাহীর একটি স্থানীয় আয়োজন নয়; এটি সমগ্র বাংলাদেশের অস্তিত্ব, পরিবেশ ও আগামী প্রজন্মের সঙ্গে সম্পৃক্ত একটি গুরুত্বপূর্ণ আন্দোলন। পদ্মাসহ দেশের সকল নদ-নদী রক্ষার দাবি জনগণের কাছে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। তারা আরও জানান, নদী রক্ষা কেবল পরিবেশগত ইস্যু নয়, বরং এটি কৃষি, জীববৈচিত্র্য, জনজীবন ও ভবিষ্যৎ অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষকে নদী রক্ষা আন্দোলনে সম্পৃক্ত করার লক্ষ্যেই এই মিনি ম্যারাথনের আয়োজন করা হয়েছে।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত