বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) উৎসবমুখর আয়োজনে শুরু হয়েছে 'শহিদ আবু সাঈদ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-২)'। রবিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় পতাকা উড়িয়ে টুর্নামেন্টের যাত্রা শুরু করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। টুর্নামেন্টের শুভ সূচনা করেন জুলাই আন্দোলনে শহিদ আবু সাঈদের মা মোছা. মনোয়ারা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্টের আহ্বায়ক ও শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মো. ইসমাইল হোসেন। এতে শহিদ আবু সাঈদের বড় ভাই রমজান আলী এবং বকুল মিয়াও অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য শহিদ আবু সাঈদকে "জাতীয় বীর" আখ্যা দিয়ে বলেন, জুলাই আন্দোলনের শহিদদের স্মৃতি ও চেতনা আগামী প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে হবে। তিনি জানান, ক্যাম্পাসে "আবু সাঈদ গেট" নির্মাণের জন্য দরপত্র প্রক্রিয়া চলছে এবং শিগগিরই এর কাজ শুরু হবে। এছাড়া নির্মাণাধীন চারটি নতুন আবাসিক হলের একটির নামকরণ করা হবে "শহিদ আবু সাঈদ হল" নামে, যা তিনি অনুষ্ঠানে জানিয়ে দেন।
টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ এবং মার্কেটিং বিভাগ। এবারের আয়োজনে ছেলেদের বিভাগে ২২টি এবং মেয়েদের বিভাগে ৪টি দল অংশ নিচ্ছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রত্যাশা করছে, শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত সহযোগিতায় টুর্নামেন্টটি উৎসবমুখর ও সুন্দরভাবে সম্পন্ন হবে।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত