আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তিসহ সংবিধানের বেশ কিছু পরিবর্তন সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিল বৃহস্পতিবার খারিজ করে দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। এই রায়ের পর সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া জানান আইনমন্ত্রী।
আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি ইতিবাচক মন্তব্য করে বলেন, এটি তাদের রাজনৈতিক অঙ্গীকার এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিএনপির দীর্ঘ আন্দোলনের ফসল।
উল্লেখ্য, বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ এই রায় ঘোষণা করেন। প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকার মূলত বিএনপির আন্দোলনের ফসল। ১৯৯১ সালের নির্বাচনের আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনেরই ফলাফল ছিল অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা। সেই ধারণা থেকেই পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকার প্রক্রিয়ায় যাওয়া হয়েছিল বলে তিনি জানান।
তিনি আরও বলেন, ১৯৯৬ সালে বিএনপি সংসদে ত্রয়োদশ সংশোধনী বিল উত্থাপন করে নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের একটি সাংগঠনিক কাঠামো তুলে ধরেছিল।
আইনমন্ত্রী বলেন, এই ব্যবস্থার জন্য বিএনপি বিগত ১৬-১৭ বছর ধরে আন্দোলন চালিয়ে গেছে। খালেদা জিয়ার নেতৃত্বে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ স্লোগানে যে নিরবচ্ছিন্ন আন্দোলন হয়েছিল, তার মূল লক্ষ্য ছিল জনগণের ভোটাধিকার নিশ্চিত করা। সেই লক্ষ্যে পৌঁছাতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কোনো বিকল্প ছিল না বলে মন্তব্য করেন তিনি এবং জানান, তারা রাজনৈতিকভাবে এই অবস্থানে অঙ্গীকারবদ্ধ।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত