রাজশাহী শহর রক্ষা বাঁধকে ঝুঁকিমুক্ত রাখতে এবং সরকারি সম্পত্তি রক্ষার লক্ষ্যে অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা পৌনে ১২টা থেকে নগরীর কেশবপুর দক্ষিণপাড়া টি-বাঁধ এলাকায় শুরু হয় এই যৌথ অভিযান। রাজশাহী জেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার অভিজিৎ সরকার।
অভিযান চলাকালে কেশবপুর দক্ষিণপাড়া টি-বাঁধের ওপর অবৈধভাবে গড়ে তোলা হাফিজুর রহমান নামের এক ব্যক্তির স্থাপনা উচ্ছেদ করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভাষ্যমতে, রাজশাহী শহর রক্ষা বাঁধ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা, যার স্থায়িত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে এর ওপর গড়ে ওঠা সব ধরনের অবৈধ স্থাপনা ধারাবাহিকভাবে উচ্ছেদ করা হচ্ছে।
এ বিষয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান অঙ্কুর বলেন, রাজশাহী শহর রক্ষা বাঁধকে ঝুঁকিমুক্ত রাখা এবং সরকারি স্থাপনা সংরক্ষণের উদ্দেশ্যে এই উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। তিনি জানান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও রাজশাহী জেলা প্রশাসনের যৌথ তত্ত্বাবধানে বর্তমানে নগরীর কেশবপুর এলাকায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং পর্যায়ক্রমে জেলার অন্যান্য চিহ্নিত এলাকায়ও এই অভিযান সম্প্রসারিত করা হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, উচ্ছেদ অভিযান শুরুর আগে অবৈধ দখলদারদের এলাকা ছেড়ে যাওয়ার জন্য পূর্বেই আনুষ্ঠানিক নোটিশ দেওয়া হয়েছিল। যারা নোটিশ পাওয়ার পর স্বেচ্ছায় সরে গেছেন, তাদের স্থাপনা এই অভিযানের আওতার বাইরে রাখা হয়েছে। মূলত যারা এখনো স্থায়ী স্থাপনা নির্মাণ করে দখলে রয়ে গেছেন, তাদের লক্ষ্য করেই এই অভিযান পরিচালিত হচ্ছে এবং বাঁধ রক্ষায় এই কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত রাখা হবে বলে জানানো হয়।
অভিযান প্রসঙ্গে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ সরকার বলেন, এর আগে একাধিকবার নোটিশ প্রদান ও মাইকিংয়ের মাধ্যমে দখলদারদের সতর্ক করা হলেও তারা নিজ উদ্যোগে অবৈধ স্থাপনা সরিয়ে নেননি। তাই পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আজকের এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। তিনি আরও জানান, শ্রীরামপুর বাঁধের সম্পূর্ণ অংশজুড়ে এই উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে এবং জনস্বার্থে ভবিষ্যতেও এই ধারা বজায় রাখা হবে।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত