আগামী স্থানীয় সরকার নির্বাচনে ভোট গণনার সময় কোনো ধরনের কারচুপি বা ফল প্রভাবিত করার প্রচেষ্টা কঠোর হাতে মোকাবিলা করা হবে বলে সতর্ক করে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। নির্বাচন কমিশন ও মাঠপ্রশাসনকে উদ্দেশ করে তিনি কঠোর ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করেন, ভোট গণনায় কারচুপির চেষ্টাকারী কাউকেই ছাড় দেওয়া হবে না।
শুক্রবার (১০ জুলাই) রাতে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রাজশাহী মহানগর এনসিপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এর আগে নগরীর আলুপট্টি মোড় থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে গিয়ে মিলিত হয়।
সমাবেশে সারজিস আলম বলেন, ক্ষমতার অপব্যবহারের সংস্কৃতি বদলানো না গেলে দেশের রাজনৈতিক ব্যবস্থায় প্রকৃত পরিবর্তন আসবে না। তিনি বলেন, ক্ষমতা থাকা অবস্থায় বলপ্রয়োগ করে কাজ আদায় করা গেলেও ক্ষমতাহীন অবস্থায় কেউ সেই মূল্যায়ন করবে না। তাই ব্যক্তিকেন্দ্রিক নয়, বরং পুরো রাজনৈতিক সংস্কৃতি ও জনমানসিকতায় পরিবর্তন আনার আহ্বান জানান তিনি।
অতীতের নির্বাচন প্রক্রিয়া নিয়ে বিএনপির কড়া সমালোচনা করে সারজিস আলম বলেন, প্রশাসনকে ব্যবহার করে ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অতীতে যেভাবে নির্বাচন পরিচালিত হয়েছে, সেই ধারা আর চলতে দেওয়া হবে না। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে নির্বাচন কমিশন থেকে শুরু করে মাঠপ্রশাসনের কোনো পক্ষ থেকে ভোট গণনায় কারচুপির চেষ্টা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে স্পষ্ট বার্তা দেন তিনি।
সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া পদযাত্রায় অংশ নেন এনসিপির বিপুলসংখ্যক নেতাকর্মী। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর এনসিপির সভাপতি ও আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মেয়রপ্রার্থী মোবাশ্বের আলী।
সমাবেশে আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিক মুজাহিদ, সারোয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব সাঈফ মুস্তাফিজ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন এবং জাতীয় নারীশক্তির সভাপতি মনিরা শারমিন।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত