সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বর্ষীয়ান সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জানাজা জাতীয় সংসদ ভবনের টানেলে অনুষ্ঠিত হয়েছে।আজ রোববার বাদ আসর এই জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে জাতীয় সংসদ প্রাঙ্গণেই তাকে দাফন করার কথা রয়েছে। জানাজা শেষে রাষ্ট্রপতির পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়, পরে প্রধানমন্ত্রী তারেক রহমান তার মরদেহে শ্রদ্ধা জানান।
[caption id="attachment_12558" align="alignnone" width="791"]
জানাজা শেষে রাষ্ট্রপতির পক্ষে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান লাশে শ্রদ্ধা জানান।[/caption]
জানাজায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, বিরোধীদলীয় নেতা, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়সহ দলের সিনিয়র নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
এর আগে রোববার বাদ জোহর ধানমন্ডির তাকওয়া মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। তার বড় ছেলে ব্যারিস্টার নওশাদ জমির এমপি জানান, বৈরী আবহাওয়ার কারণে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নির্ধারিত জানাজাটি অনুষ্ঠিত হয়নি।
উল্লেখ্য, রোববার ভোর ৪টা ১৮ মিনিটে রাজধানীর শ্যামলীর একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ১৯৭৯, ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে পঞ্চগড়-১, ঢাকা-৯, বগুড়া-৬ এবং দিনাজপুর-১ আসন থেকে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেন তিনি।
ব্যারিস্টার জমির উদ্দিন সরকার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আবদুস সাত্তার এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মন্ত্রিসভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। কর্মজীবনের বিভিন্ন সময়ে তিনি গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত