রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনারের কার্যালয়ে সোমবার (১৪ জুলাই) দুপুর ২টায় আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সাংবাদিক নেতা আবু কাওসার মাখন।
সাক্ষাৎকালে রাজশাহী মহানগরের বিদ্যমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং দমন, চাঁদাবাজি প্রতিরোধসহ নগরবাসীর নানা সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির জানান, রাজশাহীতে দায়িত্ব নেওয়ার পর থেকেই মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজি নির্মূলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন তিনি। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে আরএমপির অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়ে এ ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
সাক্ষাৎকালে সাংবাদিক নেতা আবু কাওসার মাখন নগরবাসীর বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা কমিশনারের সামনে তুলে ধরেন। তিনি বিশেষভাবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মাইক্রোবাস স্ট্যান্ডকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি কথিত চক্রের অভিযোগ উত্থাপন করেন। তাঁর ভাষ্যমতে, অন্য জেলা থেকে রোগী নিয়ে আসা অ্যাম্বুলেন্স রোগী নামিয়ে ফেরার পথে স্থানীয় কিছু মাইক্রোবাস চালক ও সংশ্লিষ্টদের বাধা এবং অর্থ দাবির শিকার হয়। অভিযোগ অনুযায়ী, কোথাও কোথাও ২ হাজার টাকার ভাড়া বাবদ ১০ হাজার টাকা পর্যন্ত আদায় করা হয়।
এ ছাড়া তিনি জানান, নগরীর বিভিন্ন এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ রয়েছে। তাঁর দাবি অনুযায়ী, পুলিশি অভিযানের সময় মাদক কারবারিরা কিছুদিন আত্মগোপনে থাকলেও পরবর্তীতে আবার একই স্থানে ফিরে আসে এবং গ্রেপ্তার হওয়া অনেকেই অল্প সময়ের মধ্যে পুনরায় একই অপরাধে জড়িয়ে পড়ে বলে অভিযোগ উঠেছে।
কিশোর গ্যাং প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে আবু কাওসার মাখন বলেন, সম্প্রতি নগরীর সি অ্যান্ড বি মোড় এলাকায় একই রুট নিয়ে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। অভিযোগমতে, এসব দলে ৫০ থেকে ৬০ জন পর্যন্ত সদস্য থাকে এবং তারা মোটরসাইকেল ব্যবহার করে ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে, যা নগরবাসীর নিরাপত্তার জন্য উদ্বেগজনক।
তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। জবাবে পুলিশ কমিশনার বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
সাক্ষাৎটি সার্বিকভাবে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ও মিডিয়া মুখপাত্র গাজী উর রহমান, আইন সমাজ পত্রিকার প্রতিনিধি সিরাজুল ইসলাম রনি, বরেন্দ্র সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক মেহেদী হাসান এবং যমুনা প্রতিদিন পত্রিকার প্রতিনিধি আবু সালেহ মাহিন।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত