বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্যসেবা এবং কৈশোরকালীন স্বাস্থ্য কার্যক্রমে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে নাটোরের বাগাতিপাড়া উপজেলার বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদকে উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে সম্মাননা প্রদান করা হয়েছে।
উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত বিশ্ব জনসংখ্যা দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদের পক্ষে সম্মাননা স্মারক ও সনদ গ্রহণ করেন প্যানেল চেয়ারম্যান ফাহিমা খাতুন এবং ইউনিয়ন পরিষদের সচিব মো. মাইনুল ইসলাম।
সম্মাননা সনদে উল্লেখ করা হয়, ২০২৫–২০২৬ অর্থবছরে পরিবার পরিকল্পনা কার্যক্রম, মা ও শিশু স্বাস্থ্যসেবা এবং কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদকে উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে নির্বাচিত করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাক। এছাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শৈকত মুহাম্মাদ রেজওয়ানুল হক, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, জনসংখ্যা ব্যবস্থাপনা, নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণ, শিশুস্বাস্থ্য উন্নয়ন এবং পরিবার কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদের এ অর্জন অন্যান্য ইউনিয়ন পরিষদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সম্মাননা গ্রহণের পর প্রতিক্রিয়ায় প্যানেল চেয়ারম্যান ফাহিমা খাতুন ও সচিব মো. মাইনুল ইসলাম সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, জনপ্রতিনিধি ও ইউনিয়নবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই স্বীকৃতি ভবিষ্যতেও জনগণের স্বাস্থ্যসেবা ও কল্যাণমূলক কার্যক্রম আরও আন্তরিকভাবে বাস্তবায়নে উৎসাহ জোগাবে।
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত এ সম্মাননা অনুষ্ঠান পরিবার পরিকল্পনা ও জনস্বাস্থ্য উন্নয়নে স্থানীয় পর্যায়ে সফল উদ্যোগগুলোর স্বীকৃতি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত