রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নিজ বাসা থেকে মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির (২৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) সকাল আনুমানিক ৬টার দিকে তাকে উদ্ধার করা হয়। পরবর্তীতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, সকালে বিষয়টি লক্ষ্য করে তার বন্ধু-বান্ধবীরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কুর্মিটোলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, ঘটনাটি অস্বাভাবিক মৃত্যুর একটি ঘটনা, যা তদন্তসাপেক্ষে নিশ্চিত হবে।
পরিবার সূত্রে পুলিশ জানায়, একজনের সঙ্গে রিধিকার সম্পর্ক ছিল এবং শনিবার ভোরে তার সঙ্গে কথোপকথনের সময় কিছু মনোমালিন্য হয়েছিল বলে পরিবারের ভাষ্য।
ওসি মাজহারুল ইসলাম বলেন, “পরিবারের পক্ষ থেকে মৌখিক অভিযোগ পাওয়া গেছে এবং এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।”
উল্লেখ্য, ছোট পর্দায় মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করা রিধিকা রিধি বেশ কয়েকটি নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত