রাষ্ট্রপতি নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রোববার (১৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে অলি আহমদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সকাল ১১টার দিকে নির্বাচন ভবনের সিইসির সভাকক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় ১১-দলীয় ঐক্যের নেতারা উপস্থিত ছিলেন।
অলি আহমদের নামে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। যাচাই-বাছাইয়ে একটি মনোনয়নপত্র বৈধ হওয়ায় নিয়ম অনুযায়ী অপর মনোনয়নপত্রটি বাতিল বলে গণ্য হয়েছে।
২০ আগস্ট ভোট
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট। এরপর ২০ আগস্ট জাতীয় সংসদের সংসদকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় সংসদের ৩৪৯ জন সদস্য ভোটার হিসেবে থাকবেন। সংসদ সদস্যদের ভোটেই দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।
অলি আহমদের মনোনয়ন বৈধ হওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে ১১-দলীয় ঐক্যের প্রার্থিতাও আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রক্রিয়ায় বহাল থাকল।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত