নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানায় তীব্র গরমে শতাধিক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার দুপুরের পর ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেডের নতুন ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় একের পর এক শ্রমিক অসুস্থ হতে থাকেন।
কারখানার শ্রমিকদের সূত্রে জানা গেছে, দুপুরের পর থেকেই ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় কর্মরত নারী শ্রমিকদের মধ্যে অসুস্থতার ঘটনা বাড়তে থাকে। একপর্যায়ে অসুস্থ শ্রমিকের সংখ্যা শতাধিক ছাড়িয়ে যায়। পরে তাদের আদমজী ইপিজেডের বেপজা মেডিক্যাল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
নাম প্রকাশ না করার শর্তে কারখানার এক শ্রমিক জানান, দুপুরের পর থেকেই কয়েকজন করে শ্রমিক অসুস্থ হতে থাকেন। অসুস্থ শ্রমিকের সংখ্যা বেড়ে যাওয়ায় নির্ধারিত সময়ের আগেই কারখানা ছুটি দেওয়া হয়। রাত ৯টায় ছুটি দেওয়ার কথা থাকলেও সাড়ে ৭টার দিকে শ্রমিকদের ছুটি দেওয়া হয়েছে বলে জানান তিনি।
তবে শ্রমিকদের অসুস্থতার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি কারখানা কর্তৃপক্ষ। ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেডের জেনারেল ম্যানেজার (জিএম) বিল্লাল হোসেন জানান, কয়েকজন শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন এবং আরও কয়েকজন অসুস্থতা অনুভব করছেন বলে তারা জানতে পেরেছেন। অসুস্থদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আদমজী ইপিজেডে বেপজার অতিরিক্ত নির্বাহী পরিচালক নাসরিন আক্তার জানান, প্রাথমিকভাবে কয়েকজন শ্রমিকের হিট স্ট্রোকের মতো উপসর্গ দেখা গেছে বলে ধারণা করা হচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, প্রায় ২০ জন অসুস্থ শ্রমিককে উন্নত চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার পর কারখানায় কর্মরত শ্রমিকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তীব্র গরমে কর্মপরিবেশ ও শ্রমিকদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
উপজেলা পরিষদ মার্কেট, তলা, রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০।
২০২৬ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত