লক্ষ্মীপুরে সুপারি গাছে ওঠার আদেশ পালন না করায় রিসাদ (১২) নামের এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে রুবেল (৩৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পরপরই হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ অভিযুক্ত রুবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলার ৮ নম্বর চর রুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর রুহিতা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, সুপারি পাড়াকে কেন্দ্র করে শিশু রিসাদের সঙ্গে রুবেলের বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে রুবেল ছুরি দিয়ে রিসাদের বুক, পেট ও বাঁ পায়ের হাঁটুর নিচে একাধিকবার আঘাত করে। এতে গুরুতর জখম হয় শিশুটি।
আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়ার পথে রিসাদের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত শিশুর বাবা সাহেদ হোসেন বাদী হয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর পুলিশের একটি দল অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ রুবেলকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু হানিফ জানান, ঘটনার পরপরই অভিযুক্ত রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং মামলার পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান আছে।
উপজেলা পরিষদ মার্কেট, তলা, রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০।
২০২৬ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত