রাজধানীর ধানমন্ডিতে স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চার রাউন্ড গুলিসহ একটি রিভলভার জব্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গত রোববার দুপুরে ধানমন্ডির ১২ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৮ থেকে ১০ সদস্যের একটি চক্র জড়িত বলে ধারণা করছে পুলিশ।
ভুক্তভোগী স্বর্ণ ব্যবসায়ী খোরশেদ আলম স্বর্ণ কেনার উদ্দেশ্যে ব্যাংক থেকে ৩৮ লাখ টাকা তুলে বের হন। পথে মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি তাঁর গতিরোধ করে অস্ত্র ঠেকিয়ে টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নেয় বলে অভিযোগ।
ঘটনার সময় স্থানীয়দের সহায়তায় তানভীর আবেদীন ওরফে জুঁই নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি পুলিশকে জানানো হয়।
ধানমন্ডি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তানভীর আবেদীন ওরফে জুঁইকে গ্রেপ্তার করে। পরে অভিযান চালিয়ে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অন্য দুজন হলেন মজিবুর রহমান ও জাকির হোসেন ওরফে ক্যাপ্টেন জাকির।
পুলিশ জানায়, ঘটনার পেছনে আগে থেকেই পরিকল্পনা ছিল। প্রায় এক মাস আগে খোরশেদ আলমের সঙ্গে জাকিরের পরিচয় হয়। জাকির নিজেকে সাবেক সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে খোরশেদের সঙ্গে স্বর্ণ কেনাবেচার সম্পর্ক গড়ে তোলেন বলে পুলিশের দাবি।
পরবর্তীতে স্বর্ণ কেনার কথা বলে খোরশেদ আলমকে টাকা নিয়ে নির্ধারিত স্থানে আসতে বলা হয়।
খোরশেদ আলম ব্যাংক থেকে টাকা তোলার তথ্য পাওয়ার পর চক্রের সদস্যরা তাঁকে অনুসরণ করে বলে জানিয়েছে পুলিশ। পরিকল্পনা অনুযায়ী মোটরসাইকেলে থাকা সদস্যরা নির্ধারিত স্থানে তাঁর কাছ থেকে টাকা ছিনিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে।
টাকা ছিনিয়ে নেওয়ার পর খোরশেদ আলম তাদের পিছু নেন। একপর্যায়ে মোটরসাইকেল থেকে তানভীর আবেদীন ওরফে জুঁই রাস্তায় পড়ে যান। পরে স্থানীয়দের সহায়তায় জুঁই ও মজিবুরকে আটক করা হয়।
পরবর্তীতে মজিবুরের দেওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণখান থানা এলাকায় অভিযান চালিয়ে জাকির হোসেন ওরফে ক্যাপ্টেন জাকিরকে গ্রেপ্তার করে পুলিশ।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম জানান, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে দুটি মামলা করা হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
উপজেলা পরিষদ মার্কেট, তলা, রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০।
২০২৬ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত