নাটোরের বাগাতিপাড়া উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রেখা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মাদক বিক্রি সংক্রান্ত একটি ভিডিওর সূত্র ধরে আলোচনায় আসেন তিনি।
পুলিশের ভাষ্যমতে, উপজেলার কুঠিবাশবাড়িয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে রেখা বেগমকে আটক করা হয়। পরবর্তীতে মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হয়েছে। গ্রেপ্তারকৃত রেখা বেগম কুঠিবাশবাড়িয়া গ্রামের বাসিন্দা ইউনুস আলীর স্ত্রী এবং ৩ নম্বর বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদের ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এর আগে উপজেলার নুরপুর মালঞ্চী এলাকায় মাদক বেচাকেনার সময় স্থানীয় বাসিন্দারা আকাশ ও শাকিল নামে দুই যুবককে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেন। এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে এলাকাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
পুলিশের তথ্যানুযায়ী, এই ঘটনার প্রেক্ষিতে বাগাতিপাড়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়। মামলার তদন্ত এগিয়ে নেওয়ার সময় সংগৃহীত তথ্য-প্রমাণের ভিত্তিতে রেখা বেগমকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় একাধিক বাসিন্দার অভিযোগ, দীর্ঘদিন ধরেই রেখা বেগমের বিরুদ্ধে বিভিন্ন সময়ে মাদক কেনাবেচার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ উঠে আসছিল। তবে এসব অভিযোগ কতটা সত্য, তা তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে বলে জানানো হয়েছে।
এ প্রসঙ্গে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় রেখা বেগমকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক কারবারের সঙ্গে যে-ই সংশ্লিষ্ট থাকুক না কেন, আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
একজন স্থানীয় জনপ্রতিনিধির বিরুদ্ধে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ ওঠায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এলাকাবাসীর দাবি, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।
উপজেলা পরিষদ মার্কেট, তলা, রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০।
২০২৬ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত