গ্যাসের পাইপলাইন স্থানান্তর ও সংযোগের (টাই-ইন) কাজের কারণে বৃহস্পতিবার রাজধানীর কয়েকটি এলাকায় টানা ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। শাহজাহানপুর রেল ক্রসিং এলাকায় সংশ্লিষ্ট কাজের জন্য এ সাময়িক সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
তিতাস গ্যাসের বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত বাসাবো, খিলগাঁও, মাদারটেক, শাহজাহানপুর, সিপাহীবাগ, তিলপাপাড়া, মালিবাগ, শান্তিবাগ ও তালতলা মার্কেটসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ সময়ে এসব এলাকার আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকেরা গ্যাস সুবিধা পাবেন না। পাশাপাশি সরবরাহ বন্ধ থাকার নির্ধারিত এলাকার আশপাশে গ্যাসের চাপ কমে যাওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে তিতাস।
কর্তৃপক্ষ জানিয়েছে, শাহজাহানপুর রেল ক্রসিংয়ের রেললাইনের দুই পাশে ভালভ স্থাপনের কাজ করা হবে। একই সঙ্গে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় বিতরণ লাইন স্থানান্তরের কাজের সঙ্গে সংযোগ বা টাই-ইন সম্পন্ন করা হবে।
এই কাজ শেষ করার জন্য নির্ধারিত সময় পর্যন্ত গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখতে হবে। কাজ শেষ হওয়ার পর স্বাভাবিক নিয়মে গ্যাস সরবরাহ চালু করা হবে বলে জানিয়েছে তিতাস গ্যাস।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠানটি।
উপজেলা পরিষদ মার্কেট, তলা, রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০।
২০২৬ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত