মুক্তির অপেক্ষায় থাকা ওয়েব ফিল্ম ‘মিশন ডিডিএলজে’-এর রোম্যান্টিক গান ‘কাহিনি এখনো বাকি’ প্রকাশ পেয়েছে। গানটিতে নাওভী ও লাবণ্য চৌধুরীর মিষ্টি রসায়ন দর্শকদের নজর কেড়েছে। গানটি শুনলে নব্বই দশকের পরিচিত প্রেমের আবহে ফিরে যাওয়ার অনুভূতি তৈরি হয়।
‘কাহিনি এখনো বাকি’ গানটির অন্যতম আকর্ষণ হলো এতে বলিউডের জনপ্রিয় গান ‘তুঝে দেখা তো ইয়ে জানা সানাম’-এর সুরের হালকা ছোঁয়া রাখা হয়েছে। এতে পুরোনো দিনের ক্লাসিক রোমান্টিক আবহের সঙ্গে আধুনিক সংগীতের মেজাজের একটি সুন্দর সমন্বয় তৈরি হয়েছে।
গানটির কথা ও সুর করেছেন সৈয়দ নাফিস। দ্বৈত কণ্ঠে গানটি গেয়েছেন সৈয়দ নাফিস ও মৌমিতা বড়ুয়া। পাশাপাশি মিউজিক ভিডিওতে আরমান বিন মাহমুদের উপস্থিতি গল্পের আবহকে আরও সমৃদ্ধ করেছে।
দৃষ্টিনন্দন ভিজ্যুয়ালে রোমান্টিক আবহ
‘মিশন ডিডিএলজে’ নির্মাণ করেছেন আসিফ জাহাঙ্গীর অর্ক। গানটির ভিজ্যুয়াল নির্মাণেও বিশেষ যত্নের ছাপ রয়েছে। দৃষ্টিনন্দন লোকেশন, সফট কালার টোন এবং সাবলীল উপস্থাপনা গানের রোমান্টিক আবহকে আরও প্রাণবন্ত করেছে।
ফলে শ্রুতিমধুর গানের পাশাপাশি মিউজিক ভিডিওটির ভিজ্যুয়ালও দর্শকদের আকৃষ্ট করছে।
‘মিশন ডিডিএলজে’-তে লুকিয়ে আছে হিডেন স্টোরি
‘মিশন ডিডিএলজে’ নামটির মধ্যেও রয়েছে একটি ‘হিডেন স্টোরি’। গল্পের ভেতরে থাকা সেই বিষয়টি আপাতত প্রকাশ করতে চান না নির্মাতা। পুরো বিষয়টি জানতে দর্শকদের ওয়েব ফিল্মটি দেখতে হবে বলে জানিয়েছেন তিনি।
এর আগে ওয়েব ফিল্মটি প্রসঙ্গে লাবণ্য চৌধুরী বলেন, এখানে তার চরিত্রের নাম দিয়া। চরিত্রটি বেশ চঞ্চল হলেও নব্বই দশকের প্রেমের গল্পের প্রতি তার বিশেষ আকর্ষণ রয়েছে। সেই সময়ের মতো একটি প্রেমের জীবন পাওয়ার ইচ্ছা থেকেই সে নিজের মতো করে চেষ্টা চালিয়ে যায়।
লাবণ্য জানান, নির্মাতা আসিফ জাহাঙ্গীর অর্ক গল্পটি সুন্দরভাবে পর্দায় তুলে ধরেছেন। পাশাপাশি ‘মিশন ডিডিএলজে’ নামের অর্থও দর্শক ওয়েব ফিল্মটি দেখার পর বুঝতে পারবেন।
রোম্যান্টিক কমেডির গল্প
নির্মাতা আসিফ জাহাঙ্গীর অর্ক বলেন, ‘মিশন ডিডিএলজে’ মূলত রোম্যান্টিক কমেডি ঘরানার গল্প। প্রায় ৮০ মিনিটের এই ওয়েব ফিল্মে নব্বই দশকের প্রেমের আবহকে বর্তমান সময়ের দর্শকদের সামনে নতুনভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে।
নতুন জুটি হিসেবে নাওভী ও লাবণ্য দারুণ অভিনয় করেছেন বলেও জানান নির্মাতা। তাদের রসায়ন দর্শকদের ভালো লাগবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। পাশাপাশি গল্পটিও দর্শকদের ভিন্ন ধরনের আনন্দ দেবে বলে মনে করেন নির্মাতা।
ওয়েব ফিল্মটির এক্সিকিউটিভ প্রডিউসার আশেক হোসেন তন্ময় জানিয়েছেন, আগামী ২৫ সেপ্টেম্বর আইস্ক্রিনে মুক্তি পাবে ‘মিশন ডিডিএলজে’।
উপজেলা পরিষদ মার্কেট, তলা, রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০।
২০২৬ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত