‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানেই মুক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় অনুষ্ঠিত হয়েছে বিএফএফ-সমকাল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা।
বুধবার মাগুরা প্রেস ক্লাব মিলনায়তনে দুটি ভেন্যুতে এই জাতীয় বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) এবং দৈনিক সমকালের যৌথ উদ্যোগে এবং শাহজালাল ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এবারের এই উৎসব আয়োজিত হয়।
প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন মাগুরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবু সাঈদ মোল্ল্যা। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়, আর রানার্সআপ হয়েছে মাগুরা পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের দলনেতা আদ্র দে।
প্রতিযোগিতায় অংশ নেয় মাগুরা সরকারি উচ্চ বালক বিদ্যালয়, পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয়, দুধ মল্লিক উচ্চ বালিকা বিদ্যালয়, মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মাগুরা কালেক্টরেট কলেজিয়েট স্কুল, এজি একাডেমি, শুভেচ্ছা প্রি-প্রিপারেটরি স্কুল এবং আদর্শ বালিকা বিদ্যালয়।
সমকাল সুহৃদ সমাবেশ মাগুরা জেলা কমিটির সাধারণ সম্পাদক নাহিদুর রহমান দুর্জয়ের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা কমিটির সভাপতি সৈয়দ বারিক আনজাম বারকি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরার পুলিশ সুপার মোল্ল্যা আজাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবু সাঈদ মোল্ল্যা এবং প্রবীণ সাংবাদিক অধ্যাপক সাইদুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যুক্তিনির্ভর চর্চা এবং মুক্তবুদ্ধির বিকাশের মাধ্যমে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা প্রয়োজন। এ ক্ষেত্রে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বলে মত দেন তারা।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত