গণতন্ত্র ও সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, রাজপথেই ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করা হবে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে ওয়াপদাখালের তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ৫ আগস্টের পর দেশ ছেড়ে যাওয়া ব্যক্তিদের নেতৃত্বে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও ঝটিকা মিছিলের মতো কর্মকাণ্ড হচ্ছে বলে তিনি মনে করেন। এসব কর্মকাণ্ডের সঙ্গে বর্তমান বিরোধী দলের বক্তব্য ও কার্যক্রমের মিল রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, “দেশের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে, তারেক রহমানের সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে।” তিনি আরও বলেন, বিএনপি আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে এবং অতীতেও রাজপথে রাজনৈতিক প্রতিপক্ষের মোকাবিলা করেছে। ভবিষ্যতেও রাজপথে ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করা হবে বলে জানান তিনি।
বিরোধী দলের বক্তব্য ও কর্মকাণ্ডের সমালোচনা করে পানিসম্পদমন্ত্রী বলেন, বিরোধী দলের কিছু বক্তব্যকে গণতন্ত্রের সৌন্দর্য বলা যায় না। তাঁর অভিযোগ, গণতন্ত্রকে ধ্বংস করার জন্য নতুন করে ষড়যন্ত্র করা হচ্ছে। ১১ দলের দাবি না মানলে বোমাবাজি ও ককটেল হামলা বন্ধ হবে না—বিরোধী দলের এমন বক্তব্যের কথাও উল্লেখ করেন তিনি।
শপথ গ্রহণ অনুষ্ঠানে বিরোধী দলের অনুপস্থিতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য ও ভিন্ন বক্তব্য থাকতে পারে। তবে তাঁর অভিযোগ, বিরোধী দল আগামী পাঁচ বছর সরকারকে স্বাভাবিকভাবে কাজ করতে দিতে চায় না।
সংসদে বিরোধী দলের বক্তব্যের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, সংসদে তারা সুন্দরভাবে কথা বললেও বাইরে গিয়ে সরকারের বিরুদ্ধে অশালীন ও শিষ্টাচারবহির্ভূত ভাষা ব্যবহার করে। এ ধরনের বক্তব্য রাজনৈতিক পরিবেশের জন্য ইতিবাচক নয় বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ জামান খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি এবং সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজসহ স্থানীয় নেতারা।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত