জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সের তৃতীয় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় গড় পাসের হার ৪৪ দশমিক ২৭ শতাংশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১২টায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফল প্রকাশ করে। পরীক্ষা শেষ হওয়ার মাত্র ২৭ কর্মদিবসের মধ্যে ফল প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সের তৃতীয় বর্ষ পরীক্ষায় সারা দেশের ৬৫২টি কেন্দ্রে ১ হাজার ৯০৮টি কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থী মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৮৪ হাজার ৮৯৬ জন। তাঁদের মধ্যে গড় উত্তীর্ণের হার ৪৪ দশমিক ২৭ শতাংশ।
ফল প্রকাশের বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, শিক্ষার্থীদের দীর্ঘ সময় অপেক্ষায় রেখে ফল প্রকাশ করা কোনোভাবেই কাম্য নয়। দায়িত্ব নেওয়ার পর থেকেই পরীক্ষার ফল দ্রুত ও নির্ভুলভাবে প্রকাশের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, মাত্র ২৭ কর্মদিবসে ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ এর একটি উদাহরণ। ভবিষ্যতে ফল প্রকাশের সময় আরও কমিয়ে আনার পাশাপাশি ফলাফলের মান ও নির্ভুলতা নিশ্চিত করতে কাজ চলছে।
শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফলবিষয়ক ওয়েবসাইটে প্রবেশ করে তাঁদের ফলাফল জানতে পারবেন।
ফলাফল দেখার ওয়েবসাইট: result.nu.ac.bd
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত