রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান হাউজিং এলাকায় জমি দখলকে কেন্দ্র করে একটি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় কার্যালয়ের বিভিন্ন মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার একটি সিসিটিভি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, একদল লোক কার্যালয়ের একটি কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করছেন। সেখানে থাকা বিভিন্ন মালামালও সরিয়ে নিতে দেখা যায় তাঁদের। হামলায় দেড় শতাধিক ব্যক্তি অংশ নিয়েছেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, চাঁদ উদ্যান এলাকায় আগে দুটি বস্তি ছিল। সেখানে প্রায় ১৭ কাঠা জমি নিয়ে একাধিক পক্ষের মধ্যে বিরোধ রয়েছে। ‘রোজ ভিলা’ নামের একটি আবাসিক ভবনের পাশে থাকা ওই জমি মো. আলম নামের এক ব্যক্তির দখলে রয়েছে। সেখানে আধাপাকা ভবনে তাঁর একটি কার্যালয়ও রয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের পর আলম এলাকা ছেড়ে চলে যান। এরপর জমিটি নিজেদের দাবি করে জনি ও রেজাউলের নেতৃত্বে দেড় শতাধিক ব্যক্তি শনিবার বেলা ১১টার দিকে সেখানে প্রবেশ করেন। তাঁরা আগে দেওয়া টিনের বেড়া ভেঙে কার্যালয়ে ভাঙচুর চালান এবং জমির সীমানায় নতুন করে টিনের বেড়া দিয়ে দখলে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।
জমির মালিকানা নিয়ে উভয় পক্ষই পুলিশের কাছে নিজেদের পক্ষে কাগজপত্র থাকার দাবি করেছে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, ১৭ কাঠা জমি দখলে নেওয়ার চেষ্টাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এর জেরেই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি বলে জানান ওসি। লিখিত অভিযোগ পেলে মামলা করা হবে বলেও জানান তিনি।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত