যশোর শহরের রেলবাজার এলাকায় অভিযান চালিয়ে অনলাইনভিত্তিক প্রতারণা ও জাল নথি তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে এসআরবি-৬। রোববার দুপুরে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় বিভিন্ন দেশের নামে তৈরি নকল ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, কম্পিউটারসহ জাল নথি তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—ঝিনাইদহ সদর উপজেলার বোংকিরা গ্রামের পিকুল বিশ্বাসের ছেলে আল মুছাব্বির রিয়াদ, যশোরের ঝিকরগাছা উপজেলার কলাগাছি গ্রামের ইমান আলীর ছেলে রাসেল হোসেন, ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাতানগাছি গ্রামের শহিদুজ্জামানের ছেলে ফাহিম সাদিক এবং একই উপজেলার জলিলপুর গ্রামের সজল আলীর ছেলে সিয়াম আলী।
এসআরবি-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স জানান, গোপন সংবাদের ভিত্তিতে রেলবাজার এলাকার একটি ভাড়া বাড়িতে অভিযান চালানো হয়। দীর্ঘদিন ধরে ওই বাড়িতে বসে চক্রটি অনলাইনভিত্তিক বিভিন্ন অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে তিনি জানান, চক্রটির মূল লক্ষ্য ছিল বিদেশ যেতে আগ্রহী ব্যক্তিরা। অভিযোগ রয়েছে, তারা বিভিন্ন দেশের নাগরিকদের পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্সসহ গুরুত্বপূর্ণ নথির তথ্য সংগ্রহ বা অননুমোদিতভাবে ব্যবহার করে সেখানে বাংলাদেশি নাগরিকদের ছবি ও ব্যক্তিগত তথ্য যুক্ত করত। পরে এসব জাল নথি বিদেশগামীদের কাছে অর্থের বিনিময়ে সরবরাহ করা হতো।
অভিযানকালে বিভিন্ন দেশের নামে তৈরি নকল ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, বিভিন্ন ধরনের জাল নথি এবং কম্পিউটার-সংশ্লিষ্ট সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-৬।
মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অনলাইন প্রতারণা ও জাল নথি তৈরিসহ একাধিক অভিযোগের প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত