সব প্রস্তুতি সম্পন্ন থাকলেও পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি ইউরেনিয়ামের একটি চালান দেশে পৌঁছাতে পারেনি। গত ২৪ সেপ্টেম্বর চালানটি আসার কথা ছিল। নতুন সূচি অনুযায়ী, অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে ইউরেনিয়াম পরিবহন শুরু হতে পারে।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম সোমবার সাংবাদিকদের জানান, পাকিস্তানের অনুমতি না পাওয়ায় নির্ধারিত ফ্লাইটটি আসতে পারেনি। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রসাটম নতুন করে অক্টোবরের প্রথম সপ্তাহে চালানটি আনার সময়সূচি দিয়েছে। নির্ধারিত সময়ে ইউরেনিয়াম পৌঁছে দেওয়ার দায়িত্ব রাশিয়ার। তবে সময়সূচিতে কিছুটা পরিবর্তন হতে পারে বলেও জানান তিনি।
প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম ইউনিটে এক বছর পর জ্বালানি পুনঃসংযোজনের (রিফুয়েলিং) জন্য ৪৮টি ফুয়েল অ্যাসেম্বলি দুটি ফ্লাইটে আনার পরিকল্পনা ছিল। এর মধ্যে একটি ফ্লাইট ২৪ সেপ্টেম্বর এবং অন্যটি ১ অক্টোবর আসার কথা ছিল। প্রথম ফ্লাইটটি স্থগিত হওয়ায় এখন ১ অক্টোবর থেকে চালান আনার নতুন সূচি দেওয়া হয়েছে।
একই সূত্র জানায়, দ্বিতীয় ইউনিটের প্রাথমিক জ্বালানি পরিবহনের জন্য ৮ অক্টোবর থেকে প্রতি সপ্তাহে একটি করে মোট সাতটি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। প্রথম ইউনিটের জ্বালানি ২০২৩ সালে যেভাবে কয়েকটি চালানে আনা হয়েছিল, দ্বিতীয় ইউনিটের ক্ষেত্রেও একই পদ্ধতিতে পুরো জ্বালানি পরিবহন করা হবে।
প্রকল্পসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, রাশিয়া থেকে ইউরেনিয়াম পরিবহনের নির্ধারিত রুটে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের আকাশসীমা রয়েছে। চালান গ্রহণ ও রূপপুরে পৌঁছানোর জন্য বাংলাদেশে প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছিল। তবে ২৩ সেপ্টেম্বর রাতে রসাটম থেকে জানানো হয়, নির্ধারিত রুটে প্রয়োজনীয় অনুমোদন পাওয়া যায়নি।
এদিকে সোমবার পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। রূপপুরের ইউরেনিয়াম পরিবহনে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ার বিষয়টি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। হাইকমিশনারের সঙ্গে এটি ছিল তাঁর প্রথম সৌজন্য সাক্ষাৎ।
আকাশসীমা ব্যবহারের অনুমতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত