চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইনসহ মো. মেহেদী হাসান (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় মো. আল-মামুন (৪০) নামে অপর এক ব্যক্তি পালিয়ে গেছেন বলে জানিয়েছে সংস্থাটি।
গ্রেপ্তার মেহেদী হাসান শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ওমরপুর হঠাৎপাড়া এলাকার মফিজ উদ্দিনের ছেলে।
এসআরবি’র প্রেসনোট অনুযায়ী, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে শিবগঞ্জ থানার ওমরপুর হঠাৎপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি অপারেশন দল মেহেদী হাসানের বসতবাড়িতে অভিযান চালায়।
অভিযানকালে মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির সামনে খড় রাখার ঘরের ভেতর থেকে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এসআরবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহেদী হাসান উদ্ধার করা হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন বলে দাবি করা হয়েছে।
প্রেসনোটে আরও বলা হয়, জিজ্ঞাসাবাদে তিনি পলাতক আল-মামুনের সঙ্গে যোগসাজশে দীর্ঘদিন ধরে বিভিন্ন উপায়ে হেরোইন সংগ্রহ করে শিবগঞ্জসহ রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা জানিয়েছেন।
এ ঘটনায় গ্রেপ্তার মেহেদী হাসানের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পলাতক আল-মামুনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এসআরবি-৫।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত