শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ষড়যন্ত্রের অংশ হিসেবে নিষিদ্ধ সংগঠন ও তাদের সহযোগীরা নানা অপতৎপরতা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে উপজেলা চত্বরে অনুষ্ঠিত এক কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি এবং জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। তবে দেশের জনগণ শেখ হাসিনাকে আর মেনে নেবে না।
বিএনপির রাজনৈতিক সংগ্রামের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দীর্ঘ আন্দোলন ও ত্যাগের মধ্য দিয়ে জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তাই পতনের হুমকি দিয়ে কোনো লাভ হবে না। ষড়যন্ত্র বা ভয়ভীতি দেখিয়ে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না।
মীর শাহে আলম আরও বলেন, মানুষের প্রত্যাশা পূরণ, গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সরকার কাজ করছে। এই অগ্রযাত্রা ব্যাহত করতে কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য বা ষড়যন্ত্র বরদাশত করা হবে না।
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার প্রসঙ্গে প্রতিমন্ত্রী দাবি করেন, নিজেরাই হামলা চালিয়ে বিএনপির ওপর দায় চাপানো হয়েছে। তাঁর ভাষ্য, এ ঘটনায় জামায়াতের এক সংসদ সদস্যের জামাই গ্রেপ্তার হয়েছেন, যা ষড়যন্ত্রের বিষয়টি স্পষ্ট করে।
এর আগে শিবগঞ্জ উপজেলা চত্বর থেকে মশাল মিছিল বের হয়। এতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন। সমাবেশে বক্তারা ষড়যন্ত্র, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত