শিশু-কিশোরদের নিয়ে আয়োজিত মিউজিক্যাল রিয়েলিটি শো ‘আরটিভি লিটল স্টার সিজন-২’-এর শুটিং থেকে সংগীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপার সরে দাঁড়ানো নিয়ে জটিলতা তৈরি হয়েছে। আয়োজকদের দাবি, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার পর পরবর্তী শুটিংয়ে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন তিনি।
‘আরটিভি লিটল স্টার’-এর প্রথম সিজনেও বিচারকের দায়িত্ব পালন করেছিলেন লুইপা। দ্বিতীয় সিজনে বরেণ্য সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ ও সানিয়া সুলতানা লিজার সঙ্গে বিচারকের দায়িত্বে ছিলেন তিনি। শুরু থেকেই প্রোমো, পোস্টার ও প্রাথমিক বাছাইসহ বিভিন্ন কার্যক্রমে অংশ নেন এই শিল্পী।
আয়োজকদের ভাষ্য, অনুষ্ঠানটির পরিকল্পনা ও শুটিংয়ের সময়সূচি সম্পর্কে অবগত হয়েই লুইপা বিচারকের দায়িত্ব গ্রহণ করেছিলেন। এ সময় তিনি অগ্রিম পারিশ্রমিকও নিয়েছিলেন বলে দাবি তাদের।
গত ২৭ সেপ্টেম্বর ঢাকার বেঙ্গল স্টুডিওতে স্টুডিও অডিশন রাউন্ডের শুটিংয়ে অংশ নেন লুইপা। শুটিং শেষে আয়োজকদের জানান, তিনি যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন এবং পরদিন দেশটিতে যাওয়ার পরিকল্পনা রয়েছে। ফলে পরবর্তী শুটিং ও অনুষ্ঠানের কার্যক্রমে তার অংশ নেওয়া সম্ভব হবে না।
হঠাৎ এ সিদ্ধান্তের কারণে অনুষ্ঠানটির পরবর্তী পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আনতে হচ্ছে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। বিশেষ করে শিশু-কিশোর প্রতিযোগী, তাদের অভিভাবক, স্পন্সর এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন করে শুটিং পরিকল্পনা করতে হচ্ছে।
লুইপাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করা হয়েছিল বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তবে যুক্তরাষ্ট্র যাওয়ার সিদ্ধান্তে তিনি অটল ছিলেন বলে দাবি আয়োজকদের।
এ বিষয়ে সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ বলেন, এমন পরিস্থিতিতে আয়োজনের ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি হওয়াই স্বাভাবিক। তাঁর ভাষ্য, একটি অনুষ্ঠানের সঙ্গে অনেক মানুষের পরিকল্পনা ও প্রস্তুতি জড়িত থাকে। কোনো কমিটমেন্ট থাকলে তা নির্দিষ্ট কারণ ছাড়া পরিবর্তন না করাই ভালো। তবে লুইপার অন্য কোনো কমিটমেন্ট থাকলে আয়োজকদের আগেই জানানো উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি।
এদিকে লুইপার অনুপস্থিতিতে ‘আরটিভি লিটল স্টার সিজন-২’-এর পরবর্তী পর্বের শুটিং কীভাবে হবে, তা নিয়ে আলোচনা করছে আরটিভি কর্তৃপক্ষ। প্রয়োজনে নতুন বিচারক যুক্ত করা হবে কি না, নাকি বিকল্প কোনো ব্যবস্থায় শুটিং চালানো হবে—এ বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত জানানো হতে পারে।
অভিযোগের বিষয়ে লুইপার বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোন বন্ধ থাকায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর মন্তব্য পাওয়া যায়নি।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত