দেশে ইন্টারনেট সেবার খরচ কমানোর পাশাপাশি টেলিযোগাযোগ অবকাঠামো আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) অব্যবহৃত সম্পদ কার্যকরভাবে ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে। জনগণের জন্য সাশ্রয়ী ও নির্ভরযোগ্য ইন্টারনেট নিশ্চিত করার পাশাপাশি শিশু-কিশোর ও শিক্ষার্থীদের নিরাপদ ইন্টারনেট ব্যবহারের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা ও সুপারিশ করা হয়। বুধবার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইন্টারনেট সেবার ব্যয় কমাতে নেওয়া বিভিন্ন পরিকল্পনা কমিটিকে জানানো হয়। পাশাপাশি ব্রডব্যান্ড অবকাঠামো সম্প্রসারণ এবং দেশের মানুষের জন্য আরও সাশ্রয়ী ও নির্ভরযোগ্য ইন্টারনেট সেবা নিশ্চিত করতে চলমান কার্যক্রমের তথ্য উপস্থাপন করা হয়।
ইন্টারনেটের ব্যয় কমানোর পাশাপাশি দেশের বিদ্যমান টেলিযোগাযোগ অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার ওপর জোর দিয়েছে সংসদীয় কমিটি।
বিশেষ করে বিটিসিএলের যেসব সম্পদ বর্তমানে অব্যবহৃত রয়েছে, সেগুলোকে কার্যকরভাবে কাজে লাগানোর বিষয়টি বৈঠকে গুরুত্ব পায়। এসব সম্পদ ব্যবহার করে টেলিযোগাযোগ ও ডিজিটাল সেবার পরিধি আরও বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয়েছে।
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ওয়াইফাই সুবিধা সম্প্রসারণ নিয়েও বৈঠকে আলোচনা হয়। বিমানবন্দরগুলোতে ওয়াইফাই সেবা বাড়ানোর পাশাপাশি ভূমি সেবার মানোন্নয়নে নেওয়া বিভিন্ন কার্যক্রম সম্পর্কেও কমিটিকে অবহিত করা হয়।
এ ছাড়া ডাটা তরঙ্গ, টেলিযোগাযোগ খাত এবং ওয়াইফাই সেবার বর্তমান কার্যক্রমের বিস্তারিত তথ্য বৈঠকে তুলে ধরা হয়।
বৈঠকে সাইবার নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব পায়। সাইবার নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার পাশাপাশি শিশু-কিশোর এবং মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করতে নেওয়া প্রকল্পগুলো আরও কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়ার সঙ্গে সঙ্গে অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কার্যক্রম আরও জোরদারের প্রয়োজন রয়েছে বলে বৈঠকে আলোচনা করা হয়।
ডিজিটাল পেমেন্টের ব্যবহার বাড়াতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-সক্ষম বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের সেবার মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। গ্রাহকদের আরও উন্নত ও নির্ভরযোগ্য সেবা দিতে টেলিটকের সক্ষমতা বাড়ানোর বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায়।
বৈঠকে কমিটির সদস্য ও মন্ত্রী ফকির মাহবুব আনাম, মো. আবুল খায়ের ভূঁইয়া, মো. তমিজ উদ্দিন, মো. মোবাশ্বের আলম ভূঁইয়া, মানসুরা আক্তার, মো. কেরামত আলী এবং সাইদ উদ্দিন আহমাদ হানজালা অংশ নেন।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত